বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসী যেন ভারতের কোনো সার্বভৌম ভূখণ্ডে আশ্রয় না পায়, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, আমরা যেভাবে ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেব না, ঠিক একইভাবে আশা করি যে, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসী যেন দিল্লি কিংবা ভারতের কোনো ভূখণ্ডে আশ্রয় না পায়।
সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্ট একটি কনফারেন্স বাতিল করেছে সেখানকার প্রশাসন। এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, এ ধরনের দৃষ্টিভঙ্গি অব্যাহত থাকবে বলে বাংলাদেশ আশা করে। তার মতে, এই পদক্ষেপের মাধ্যমে দুই দেশের মধ্যে সদিচ্ছা তৈরির পথ সুগম হবে।




























