গাজায় নতুন শিক্ষাবর্ষ শুরুর দিনেই এক মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছে ৮ বছর বয়সি ফিলিস্তিনি শিশু ওয়াফা ইউসুফ নাবিল আকিলা। নীল স্কুল ইউনিফর্ম পরে নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন ক্লাসে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বাড়ি ফেরার পথে ইসরায়েলি বিমান হামলার শিকার হয় সে। এই হামলায় শিশুটির বাবাও নিহত হয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) আল-শিফা হাসপাতাল সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, গাজার হামিদ মোড়ের কাছে ইসরায়েলি ড্রোন থেকে এই হামলা চালানো হয়। এতে ওয়াফা ও তার বাবা ঘটনাস্থলেই নিহত হন এবং আরও ছয়জন আহত হন।
হামলার মাত্র কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়াফার একটি ছবি ছড়িয়ে পড়েছিল, যেখানে তাকে নীল স্কুল ইউনিফর্ম পরে হাসিমুখে দেখা যায়। প্রথম দিন স্কুলে যাওয়ার আনন্দে সে ক্যামেরার সামনে থাম্বস-আপও দেখিয়েছিল। কিন্তু হামলার পর দুর্ঘটনাস্থল থেকে যে ছবি পাওয়া যায়, তাতে দেখা যায় আগুনে পোড়া গাড়ির ধ্বংসস্তূপে শিশুটির বই-খাতা ও অন্যান্য জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।





























