দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত এবং ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) না থাকার সুবাদে নিশ্চিত রান আউট থেকে বেঁচে যান দক্ষিণ আফ্রিকার অভিষিক্ত ব্যাটার হারমান। আর এই জীবন পাওয়ার পূর্ণ সুবিধা নিয়ে ওয়ানডে অভিষেকেই খেললেন ১৫০ রানের এক দুর্দান্ত ইনিংস, যা তাকে নিয়ে গেছে বিশ্ব রেকর্ডের পাতায়। তবে এই অনন্য কীর্তির পাশে জড়িয়ে রইল একটি বড় বিতর্ক।
ম্যাচের ১৬তম ওভারে নামিবিয়ার বোলার ম্যাক্স হেইঙ্গোর বলে মিড-অফে শট খেলে সিঙ্গেল নিতে দৌড়ান হারমান ও টনি ডি জর্জি। ফিল্ডারের সরাসরি থ্রোতে নন-স্ট্রাইকার প্রান্তের স্টাম্প ভেঙে যায়। আম্পায়ার আউট দেননি, তবে রিপ্লেতে দেখা যায় হারমান ক্রিজের বেশ বাইরে ছিলেন। ওই সময় মাত্র ৩০ রানে খেলছিলেন তিনি। সিরিজে ডিআরএস প্রযুক্তি না থাকায় বেঁচে যান তিনি। শেষ পর্যন্ত ৪২তম ওভারে রুবেন ট্রাম্পেলম্যানের স্লোয়ার বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেওয়ার আগে ১২৬ বলে ১৫০ রান করেন হারমান। তার এই ইনিংসে ছিল ১৭টি চার ও ৩টি ছক্কা, যার মধ্যে ৩৫ রান এসেছে কেবল পুল শট থেকে। এছাড়া তিনি ৩৯টি সিঙ্গেল, ৮টি ডাবল ও ৩টি তিন রান নিয়েছেন।
হারমানের এই ১৫০ রান ওয়ানডে অভিষেকে যৌথভাবে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড। এর আগে গত ফেব্রুয়ারিতে লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকারই ম্যাথিউ ব্রিটজকে অভিষেকে ১৫০ রান করেছিলেন। মজার বিষয় হলো, ব্রিটজকে এই ম্যাচে প্রোটিয়া স্কোয়াডে থাকলেও একাদশে ছিলেন না এবং ড্রেসিংরুম থেকেই হারমানের এই কীর্তি দেখেছেন। ম্যাচে হারমান দ্বিতীয় উইকেটে ডি জর্জির (৮৪ বলে ৭২) সাথে ১৯০ রানের (১৬৭ বল) এবং ডেওয়াল্ড ব্রেভিসের সাথে ৫৮ রানের (৪৫ বল) জুটি গড়েন।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হারমানকে এই রান আউট নিয়ে কোনো প্রশ্ন করা হয়নি। সেখানে তিনি বলেন, "সারা জীবন আমাকে শেখানো হয়েছে শুধু ১০০ করলেই হবে না, এটিকে আরও বড় করতে হবে।" পরে ক্রিকবাজ দলটির মিডিয়া ম্যানেজারের সহায়তায় তার কাছে এই রান আউটের বিষয়ে জানতে চাইলে হারমান স্বীকার করেন, "আমি বড় পর্দায় দেখেছিলাম যে আমি কয়েক ইঞ্চি পিছিয়ে ছিলাম এবং আমি সেটির সুযোগ নেওয়ার চেষ্টা করেছি।"
হারমানের এই ইনিংসের ওপর ভর করে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ৩৪৮ রানের পাহাড় গড়ে। পরে দুই দফা বৃষ্টির কারণে নামিবিয়ার সামনে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ৩১ ওভারে ২৬২ রানের লক্ষ্য দাঁড়ায়। তবে নামিবিয়া ১৬২ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচটি হেরে যায়। দক্ষিণ আফ্রিকার প্রেনেলান সুব্রায়েন ২৯ রানে ৪ উইকেট নেন। ধনী ক্রিকেট দেশগুলোতে ডিআরএস প্রযুক্তি থাকায় নামিবিয়া হয়তো ১২০ রান আগেই হারমানকে ফেরাতে পারত, যা আধুনিক ক্রিকেটে ধনী ও গরিব দেশগুলোর মধ্যকার বৈষম্যকেই আবার সামনে এনেছে।




























