সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী দেশটির দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে একটি বিশেষ অভিযান চালিয়ে দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীর এক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম ওয়ালিদ আল ফাল্লাহ। তাকে এই সন্ত্রাসী গোষ্ঠীর অন্যতম প্রধান নেতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, আল সানামাইন শহরে তিন নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার ঘটনায় জড়িত ছিল ওই সন্ত্রাসী সেল। গত বৃহস্পতিবার এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় নিরাপত্তা বাহিনীর একটি দল এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালালে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং সংঘর্ষে লিপ্ত হয়।
পরবর্তীতে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর তদন্তে বেরিয়ে আসে যে, আল সানামাইনে লুকিয়ে থাকা ওই সশস্ত্র গোষ্ঠীটি দায়েশ সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত। গোষ্ঠীর সদস্যরা আত্মসমর্পণ করতে অস্বীকার করলে নিরাপত্তা বাহিনী তাদের আস্তানায় অভিযান চালায়।
শুক্রবার নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয় যে, এই হামলার পেছনে দায়ি সেলটিকে শনাক্ত করা সম্ভব হয়েছে। অভিযানের সময় সেলের দুই নেতার বাড়ি থেকে বিভিন্ন ধরনের অস্ত্র, গোলাবারুদ এবং বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।



























