ইলিশের ভরা মৌসুমেও ভোলার চরফ্যাশনের নদ-নদীতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। স্থানীয় জেলেরা জানিয়েছেন, বছরের এই সময়ে নদীতে প্রচুর ইলিশ থাকার কথা থাকলেও এবার চিত্র সম্পূর্ণ ভিন্ন। জাল ফেললে যে পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে, তা দিয়ে নৌকা, জ্বালানি, বরফ ও খাবারের খরচ মেটানোই অসম্ভব হয়ে পড়েছে।
ঢালচরের ৭০ বছর বয়সী জেলে কাঞ্চন মাঝি বলেন, এই বয়সেও তিনি নদীতে যাচ্ছেন, কিন্তু জীবনে এমন ইলিশ সংকট দেখেননি। একই সুর জেলে জাহাঙ্গীর মাঝির কণ্ঠে। তিনি জানান, প্রতিবার নদীতে যেতে ২০ থেকে ৩০ হাজার টাকা খরচ হয়, কিন্তু সেই অনুপাতে মাছ না পাওয়ায় সংসার চালানো দায় হয়ে পড়েছে।
ভুক্তভোগী জেলেদের অভিযোগ, অনেকের কাছে জেলে কার্ড থাকলেও তারা সরকারি কোনো সহায়তা পাচ্ছেন না। আয় কমে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। প্রকৃত অসহায় ও কার্ডধারী জেলেদের দ্রুত সরকারি সহায়তার আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
ইলিশের এই সংকটের কারণ জানতে চাইলে চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, ইলিশ কেন কম পাওয়া যাচ্ছে তা গবেষণা সংশ্লিষ্টদের কাছে জানতে হবে। তবে সরকারি বরাদ্দ এলে কার্ডধারী জেলেরা অবশ্যই সহায়তা পাবেন বলে তিনি আশ্বস্ত করেছেন। জেলেরা বলছেন, সংকট দীর্ঘস্থায়ী হলে উপকূলীয় অর্থনীতি ও মৎস্য ব্যবসার ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে।
সূত্র: ডেইলি বাংলাদেশ































