সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি২০ (আইএলটি২০) এবং দক্ষিণ আফ্রিকার এসএ২০ (SA20) লিগের সূচির সংঘাত এড়ানো সম্ভব হওয়ায় আগামী আসরে মধ্যপ্রাচ্যের এই টুর্নামেন্টে দেখা যাবে প্রোটিয়া তারকাদের। টুর্নামেন্টের পঞ্চম আসরের জন্য দক্ষিণ আফ্রিকার দুই বিধ্বংসী ব্যাটার ডেভিড মিলার ও হাইনরিখ ক্লাসেনের নাম লেখানোর খবর নিশ্চিত করেছে আইএলটি২০ কর্তৃপক্ষ। ২০২৩ সালে এই দুটি লিগ যাত্রা শুরুর পর থেকেই সাধারণত একই সময়ে খেলা মাঠে গড়াত। তবে এবার সূচির দ্বন্দ্ব দূর হয়েছে। আগামী ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে আইএলটি২০-এর পঞ্চম আসর। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগ শুরু হবে আগামী বছরের ১৭ জানুয়ারি, যা চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। ফলে দুই লিগেই ক্রিকেটারদের খেলার পথ সুগম হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) প্রাক-মৌসুম দলবদলের চুক্তি সম্পন্ন করার ঘোষণা দেয় আইএলটি২০। যেখানে প্রথমবারের মতো এই লিগে নাম লিখিয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন। তিনি খেলবেন আবুধাবি নাইট রাইডার্সের হয়ে। অন্যদিকে, প্রথমবারের মতো খেলতে আসা মিলার ও ক্লাসেনকে দলে ভিড়িয়েছে গলফ জায়ান্টস। এছাড়া তিন বছরের বিরতি দিয়ে দুবাই ক্যাপিটালসে ফিরছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।
বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে তাদের পুরোনো ফ্র্যাঞ্চাইজিগুলো ধরে রেখেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডেজার্ট ভাইপার্স ধরে রেখেছে অ্যান্ড্রিস গাউস ও ড্যান লরেন্সকে। গলফ জায়ান্টস শিবিরে ফিরছেন আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই ও জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। এছাড়া আগের আসরের ফ্র্যাঞ্চাইজিগুলোতে খেলবেন জেসন হোল্ডার, সুনীল নারিন (আবুধাবি নাইট রাইডার্স), শিমরন হেটমায়ার (ডেজার্ট ভাইপার্স), রভম্যান পাওয়েল ও বাংলাদেশের মুস্তাফিজুর রহমান (দুবাই ক্যাপিটালস), নিকোলাস পুরান, রশিদ খান, রোমারিও শেফার্ড (এমআই ইমিরেটস) এবং সিকান্দার রাজা (শারজাহ ওয়ারিয়র্স)।
আবুধাবি নাইট রাইডার্স: ফিন অ্যালেন, জেসন হোল্ডার, ম্যাথিউ ট্রাম্প এবং সুনীল নারিন।ডেজার্ট ভাইপার্স: অ্যান্ড্রিস গাউস, ড্যান লরেন্স, মুজিব-উর-রহমান এবং শিমরন হেটমায়ার।দুবাই ক্যাপিটালস: মার্কাস স্টয়নিস, মুস্তাফিজুর রহমান, নূর আহমদ এবং রভম্যান পাওয়েল।গলফ জায়ান্টস: আজমতউল্লাহ ওমরজাই, ব্লেসিং মুজারাবানি, ডেভিড মিলার এবং হাইনরিখ ক্লাসেন।এমআই ইমিরেটস: নিকোলাস পুরান, রশিদ খান, রোমারিও শেফার্ড এবং শেরফেন রাদারফোর্ড।শারজাহ ওয়ারিয়র্স: অ্যাডাম মিলনে, জেমস ভিন্স, ওয়াকার সালামখেইল এবং সিকান্দার রাজা।




























