বিএনপির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পরপরই তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকেও সরে দাঁড়াচ্ছেন বলে জানা গেছে। নির্বাচন কমিশনে যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হলেই তিনি মন্ত্রণালয় থেকে পদত্যাগ করবেন। এই পরিস্থিতিতে সরকারের মন্ত্রিসভা এবং বিএনপির দলীয় নেতৃত্বে বড় ধরনের রদবদল নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১৭ই আগস্ট ক্ষমতাসীন বিএনপি সরকারের ছয় মাস পূর্ণ হতে চলেছে। এর আগেই সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের কাজের মূল্যায়নের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২০শে আগস্ট দেশে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন প্রেসিডেন্ট শপথ নেয়ার পরই মূলত মন্ত্রিসভায় রদবদল হতে পারে। এতে কিছু মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর পরিবর্তন হতে পারে, আবার দু-একজন বাদও পড়তে পারেন বলে গুঞ্জন রয়েছে।
দলের মহাসচিব পদের দায়িত্বও নতুন করে দেয়া হবে। বিএনপির স্থায়ী কমিটির দুজন সদস্য জানিয়েছেন, Presidents-এর শপথ গ্রহণের আগে মন্ত্রিসভায় কোনো পরিবর্তন আসবে না। শপথের পর দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেয়া হবে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয়ে রদবদল হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। এদিকে গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত বিএনপির সিনিয়র নেতাদের বৈঠকে পরবর্তী মহাসচিব কে হবেন তা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন দলটির একজন হুইপ। ওই বৈঠকে কেবল প্রেসিডেন্ট প্রার্থীর ঘোষণা নিয়েই আলোচনা হয়েছে।
রদবদলের আলোচনায় বিএনপির পরবর্তী ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নাম জোরেসোরে শোনা যাচ্ছে। আগামী ডিসেম্বরে দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত তিনি এই দায়িত্ব পেতে পারেন এবং কাউন্সিলে চূড়ান্তভাবে মহাসচিব নির্বাচিত হবেন।
অন্যদিকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়লে সেই পদে আসতে পারেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়টি শূন্য হবে। সেক্ষেত্রে সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীকে স্বরাষ্ট্রমন্ত্রী করার বিষয়ে আলোচনা চলছে। এ্যানী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
উল্লেখ্য, গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হয় বিএনপি। এরপর ১৭ই ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। বর্তমানে এই সরকারে ২৪ জন মন্ত্রী, ২৩ জন প্রতিমন্ত্রী এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় ১০ জন উপদেষ্টা রয়েছেন।



























