দুবাইয়ের বাসিন্দাদের জন্য বাড়ি ভাড়া পরিশোধের দীর্ঘদিনের দুশ্চিন্তা দূর করতে চালু হয়েছে ‘ফ্লেক্সি রেন্ট’ কর্মসূচি। এই উদ্যোগের ফলে ভাড়াটিয়াদের এখন আর বড় অঙ্কের বার্ষিক চেক প্রদানের জন্য ব্যাংক থেকে ব্যক্তিগত ঋণ নিতে হবে না বা ক্রেডিট কার্ডের উচ্চ সুদের ওপর নির্ভর করতে হবে না। দুবাই ল্যান্ড ডিপার্টমেন্টের (DLD) এই নতুন ব্যবস্থায় বাসিন্দারা তাদের সুবিধামতো মাসিক, ত্রৈমাসিক বা অর্ধ-বার্ষিক কিস্তিতে ভাড়া পরিশোধের সুযোগ পাবেন।
মার্লিন রিয়েল এস্টেটের সহ-প্রতিষ্ঠাতা রোহিত বাচানি জানান, অতীতে অনেক ভাড়াটিয়া বার্ষিক ভাড়ার চেক পরিশোধ করতে গিয়ে ব্যক্তিগত ঋণ বা ক্রেডিট কার্ডের ঋণে জড়িয়ে পড়তেন। তারা মূলত সামর্থ্যের মধ্যে থাকার জন্য উচ্চ সুদ দিয়ে এক ধরনের প্রিমিয়াম গুনতেন। বাচানি বলেন, ‘ফ্লেক্সি রেন্ট সেই সমস্যার সমাধান করেছে। এখন ভাড়াটিয়ারা বার্ষিক ভাড়ার অর্থ ছোট ছোট কিস্তিতে ভাগ করে দিতে পারছেন, যেখানে মোট ভাড়ার পরিমাণ একই থাকছে।’
এই কর্মসূচির আওতায় ভাড়াটিয়ারা গ্রেস পিরিয়ড, পুনর্গঠিত পেমেন্ট শিডিউল এবং কার্ডের মাধ্যমে পেমেন্টের মতো বাড়তি সুবিধা পাচ্ছেন। এছাড়া কিছু ক্ষেত্রে বাউন্সড-চেক ফি মওকুফ এবং বার্ষিক ভাড়া বৃদ্ধির হার কমানোর ব্যবস্থাও রাখা হয়েছে। বাচানি আরও বলেন, ‘গত ৩০ বছর ধরে আমি পরিবারগুলোকে জুন ও ডিসেম্বরের চেক ডেট নিয়ে দুশ্চিন্তা করতে দেখেছি। সেই উদ্বেগ এখন শেষ হচ্ছে।’
স্প্রিংফিল্ড প্রপার্টিজের সিইও ফারুক সৈয়দ জানান, নতুন ভাড়াটিয়াদের জন্য বড় অঙ্কের অগ্রিম অর্থ প্রদান করা সবসময়ই একটি বড় বাধা ছিল, বিশেষ করে যারা মাসিক বেতনে চলেন। উদাহরণস্বরূপ, যদি বার্ষিক ভাড়া ১ লাখ দিরহাম হয়, তবে প্রথম কিস্তিতে ২৫ হাজার বা ৫০ হাজার দিরহাম জোগাড় করা অনেক বেতনভুক্ত বাসিন্দার জন্য কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, ‘অনেকে চার থেকে ছয় মাস ধরে টাকা জমানোর চেষ্টা করেন এবং এই সময়ে বাধ্য হয়ে বেশি ভাড়ায় স্বল্পমেয়াদী আবাসন বেছে নেন।’
ফারুক সৈয়দ মনে করেন, এই উদ্যোগ দুবাইয়ের রিয়েল এস্টেট বাজারকে আন্তর্জাতিক মানদণ্ডের কাছাকাছি নিয়ে আসবে। এটি পরিবারের নগদ অর্থের প্রবাহ বা ক্যাশফ্লো ঠিক রাখতে সাহায্য করবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বেশিরভাগ দেশে মাসিক ভাড়া পরিশোধের যে রীতি প্রচলিত, দুবাই এখন সেই পথেই হাঁটছে।
গত ২৩ জুন দুবাই ল্যান্ড ডিপার্টমেন্ট এই ফ্লেক্সি রেন্ট কর্মসূচি আনুষ্ঠানিকভাবে চালু করে। এর ধারাবাহিকতায় সেপ্টেম্বর মাসে ‘রেন্ট নাও, পে লেটার’ নামে আরও একটি সেবা চালু হতে যাচ্ছে। এমরাত আল ইওম-এর প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় একটি ব্যাংকের সাথে যৌথ উদ্যোগে এই সেবাটি তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে ভাড়াটিয়ারা কোনো সুদ ছাড়াই ১২ মাস পর্যন্ত কিস্তিতে ভাড়া পরিশোধ করতে পারবেন।
বাজার বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ সরাসরি ভাড়ার মূল্যে বড় কোনো পরিবর্তন আনবে না। ভাড়ার হার মূলত বাজার চাহিদা, সরবরাহ, অবস্থান এবং সম্পত্তির মানের ওপরই নির্ভর করবে। ফারুক সৈয়দ বলেন, ‘ফ্লেক্সি রেন্ট সরাসরি ভাড়ার বাজারে প্রভাব ফেলবে না, তবে এটি ভাড়াটিয়াদের জন্য সুযোগ বাড়াবে এবং বাড়িওয়ালাদের মধ্যে প্রতিযোগিতা তৈরি করবে, যা সামগ্রিকভাবে ইতিবাচক।’
রোহিত বাচানি মনে করেন, এই ব্যবস্থার আসল প্রভাব দেখা যাবে আবাসন দখল ও লিজ দেওয়ার গতিতে। দ্বিতীয় প্রান্তিকে দুবাইয়ে ভাড়ার হার প্রায় ৬ শতাংশ কমেছে এবং বছরের দ্বিতীয়ার্ধে প্রায় ৩২ হাজার নতুন ইউনিট বাজারে আসার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে বাড়িওয়ালারা ভাড়া কমানোর চেয়ে নমনীয় পেমেন্ট পদ্ধতিকেই বেশি গুরুত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।
বাচানি আরও যোগ করেন, ‘ফ্লেক্সি রেন্ট এই চক্রে একটি শক অ্যাবজরবার বা ধাক্কা সামলানোর যন্ত্র হিসেবে কাজ করবে।’ তবে তিনি সতর্ক করে বলেন, নিয়ন্ত্রক সংস্থাগুলোকে নজর রাখতে হবে যেন কোনো বাড়িওয়ালা অন্য কোনো উপায়ে ‘মাসিক প্রিমিয়াম’ বা বাড়তি চার্জ আদায়ের চেষ্টা না করেন।
সূত্র: খালিজ টাইমস






























