হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির ও বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব আল্লামা জুনায়েদ বাবুনগরীর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি মরহুমের কর্মময় জীবনের কথা তুলে ধরেন।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, দ্বীন, দেশ ও জাতির কল্যাণে আল্লামা জুনায়েদ বাবুনগরীর মতো প্রজ্ঞাবান, সাহসী ও নিষ্ঠাবান আলেমে দ্বীনের আজ বড়ই প্রয়োজন। তিনি উল্লেখ করেন, ইসলামি শিক্ষা ও মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে জুনায়েদ বাবুনগরীর দীর্ঘ সংগ্রাম এবং দ্বীনি খেদমত দেশবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। বর্তমান সময়ে দেশ ও জাতির সঠিক দিকনির্দেশনার ক্ষেত্রে তার অভাব অনুভূত হচ্ছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির।
উল্লেখ্য, আল্লামা জুনায়েদ বাবুনগরী ২০২১ সালের ১৯ আগস্ট মহান রবের ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেন। মরহুমের স্মরণে জামায়াত আমির দোয়া করে বলেন, মহান আল্লাহ তাআলা আল্লামা জুনায়েদ বাবুনগরীর সকল খেদমত কবুল করুন এবং তার ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মর্যাদা দান করুন। এছাড়া তার রেখে যাওয়া দ্বীনি দায়িত্বগুলো যথাযথভাবে পালনের তাওফিক কামনা করেছেন তিনি।





























