সুইডেনের মধ্যাঞ্চলের একটি উচ্চ বিদ্যালয়ে তলোয়ার হাতে এক ব্যক্তি হামলা চালিয়েছে। শুক্রবার ফাগেরস্তা পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারী ব্রিনেলস্কোলান (Brinellskolan) নামক শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ করে বেশ কয়েকজনকে আহত করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজনকে আটক করেছে।
আহতদের সঠিক সংখ্যা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যম আফটনব্লাদেত জানিয়েছে, হামলাকারীকে লক্ষ্য করে পুলিশ গুলি চালিয়েছে এবং তার পায়ে আঘাত লেগেছে। ঘটনার পরপরই পুলিশ স্কুল ভবনটিতে তল্লাশি শুরু করে এবং সতর্কতাস্বরূপ আশেপাশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও লকডাউনের আওতায় আনা হয়েছে।
সুইডিশ পাবলিক ব্রডকাস্টার এসভিটি (SVT) জানিয়েছে, প্রায় ১২ হাজার জনসংখ্যার ছোট শহরটির ওই স্কুলের বাইরে অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি এবং একটি পুলিশ হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।
সুইডেনে অতীতেও শিক্ষাপ্রতিষ্ঠানে বেশ কিছু বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওরেব্রোর একটি প্রাপ্তবয়স্ক শিক্ষা কেন্দ্রে ৩৫ বছর বয়সী এক ব্যক্তির গুলিতে ১০ জনের মৃত্যু। পুলিশ জানিয়েছিল, আর্থিক ও মানসিক সংকটের কারণে নিজের জীবন শেষ করার ইচ্ছা থেকেই ওই ব্যক্তি এই হামলা চালিয়েছিল। এছাড়া ২০২২ সালের মার্চ মাসে মালমোর একটি মাধ্যমিক বিদ্যালয়ে ১৮ বছর বয়সী এক ছাত্রের ছুরিকাঘাতে দুই শিক্ষক নিহত হন। এছাড়া ২০১৫ সালের অক্টোবরে ট্রোলহটান শহরের একটি স্কুলে তলোয়ার নিয়ে হামলা চালায় এক ব্যক্তি, যাতে তিনজনের প্রাণহানি ঘটে এবং পুলিশের গুলিতে হামলাকারী নিজেও নিহত হয়।




























