ফেসবুকে ইলিশ মাছসহ বিভিন্ন আকর্ষণীয় পণ্য বিক্রির বিজ্ঞাপন দিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন, সিমকার্ড এবং নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে চাঁদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে নড়াইলের কালিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—নড়াইল জেলার কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম এলাকার মো. হাবিবুর রহমান (৪১) এবং একই ইউনিয়নের চাঁদপুর মধ্যপাড়া এলাকার মো. রকিবুল হাসান নয়ন (৩৬)।
পুলিশ জানায়, চাঁদপুর সদর মডেল থানায় দায়ের করা একটি সাধারণ ডায়েরি (জিডি) ও বেশ কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের সূত্র ধরে এই প্রতারণার তদন্ত শুরু করে জেলা পুলিশ। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে এই চক্রের সন্ধান পায় ডিবি।
তদন্তসংশ্লিষ্টরা জানান, চক্রটি বিভিন্ন ফেসবুক পেজে ইলিশ মাছসহ নানা পণ্যের লোভনীয় বিজ্ঞাপন পোস্ট করত। এসব বিজ্ঞাপন দেখে ক্রেতারা যোগাযোগ করলে পণ্য সরবরাহের কথা বলে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক হিসাবের মাধ্যমে অগ্রিম টাকা নেওয়া হতো। টাকা পাওয়ার পর পণ্য না পাঠিয়ে তারা সেই টাকা আত্মসাৎ করত।
ডিবির এসআই মো. আনছার উল্লাহ ও মো. জিয়াউল হক জিয়ার নেতৃত্বে একটি দল কালিয়া থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করে। অভিযানের প্রথম ধাপে বৃহস্পতিবার রাতে নোয়াগ্রাম এলাকা থেকে হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে একই রাতে চাঁদপুর মধ্যপাড়া এলাকা থেকে রকিবুল হাসান নয়নকে গ্রেফতার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে সহযোগীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিশসহ বিভিন্ন পণ্য বিক্রির নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। এই চক্রের সাথে আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশ। তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেফতার হওয়া দুজনসহ পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
অনলাইনে পণ্য কেনাবেচার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়ে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বলেন, অনলাইনে পণ্য কেনাবেচার ক্ষেত্রে অপরিচিত ব্যক্তি বা ফেসবুক পেজের মাধ্যমে লেনদেনের আগে যথাযথভাবে যাচাই-বাছাই করতে হবে। প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।




























