কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আইকন পরিবহনের একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে রামু উপজেলার কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে সে সময় ৩০ জন যাত্রী ছিলেন। স্থানীয়দের তাৎক্ষণিক সহায়তায় জানালার কাচ ভেঙে যাত্রীদের দ্রুত বের করে আনা সম্ভব হয়, ফলে বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
যাত্রীদের ভাষ্যমতে, কক্সবাজার থেকে রওনা হওয়ার কিছুক্ষণ পরই বাসের ভেতর পোড়া গন্ধ পাওয়া যায়। যাত্রী মোহাম্মদ আলী জানান, পোড়া গন্ধ পাওয়ার পর আগুন দেখা গেলেও শুরুতে বাস চালক বা সহকারী বিষয়টি নিয়ে কোনো সতর্কবার্তা দেননি। পরিবারের সাত সদস্য নিয়ে ভ্রমণ শেষে ফিরছিলেন সোহেল রানা। তিনি জানান, স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত জানালার কাচ ভাঙতে পারায় প্রাণে বেঁচে গেছেন তারা। যাত্রীদের মালামালও পরে উদ্ধার করে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যেই রামু হাইওয়ে ক্রসিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। উপপরিদর্শক মোহাম্মদ পারভেজ জানান, কাছাকাছি অবস্থানে থাকায় পুলিশ দ্রুত যাত্রীদের নিরাপদে বের করে আনতে সক্ষম হয়। রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি বা ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে আগুনের সূত্রপাত হয়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট বাস কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কবলে পড়া যাত্রীদের বিকল্প ব্যবস্থায় ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
সূত্র: ঢাকা পোস্ট





























