চরমোনাইপন্থী আলোচিত ইসলামি বক্তা ও ‘৩১৩ প্রোপার্টিজ’-এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান মিসবাহর বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে মামলা করেছেন তার পঞ্চম স্ত্রী মোসা. হুমায়রা জান্নাত। গত বৃহস্পতিবার (২০ আগস্ট) ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলাটি দায়ের করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম মামলাটি আমলে নিয়ে আসামি মিসবাহকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।
বাদীপক্ষের আইনজীবী ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইবরাহিম খলিল মামলা দায়ের ও আদালতের সমন জারির বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ২০২০ সালের ৪ মে মাওলানা মিসবাহর সঙ্গে হুমায়রা জান্নাতের বিয়ে হয়। পরবর্তীতে ২০২৫ সালের ২১ জানুয়ারি তাদের দাম্পত্য জীবনে ‘আফরাদ মিসবাহ’ নামে একটি পুত্রসন্তানের জন্ম হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিয়ের সময় মাওলানা মিসবাহ তার আগের চারটি বিয়ের তথ্য গোপন করেছিলেন। পরবর্তীতে হুমায়রা জানতে পারেন যে, তাকে ছাড়াও মিসবাহ মোট নয়টি বিয়ে করেছেন। তবে এসব বিয়ের কোনোটিরই কোনো কাবিননামা বা বিবাহ নিবন্ধন করা হয়নি।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ বি এম ইবরাহিম খলিল জানান, ফেসবুকে যোগাযোগের সূত্র ধরে পরিচয়ের পর হুমায়রা জান্নাতকে যাত্রাবাড়ীতে নিজের বাসায় নিয়ে যান মিসবাহ। সেখানে বিয়ের আগেই তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় এবং পরে তারা বিয়ে করেন। হুমায়রা জান্নাত তার পঞ্চম স্ত্রী হলেও এরপর তিনি আরও চারটি বিয়ে করেছেন। সব মিলিয়ে তার নয়টি বিয়ের তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে তার বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে পরকীয়ার অভিযোগও রয়েছে। মাওলানা মিসবাহ মূলত ধর্মীয় প্রচারের পরিচয়কে কাজে লাগিয়ে বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্ক তৈরি করতেন বলে বাদীপক্ষ অভিযোগ করেছে।




























