কলকাতার নিউ মার্কেট এলাকায় অবস্থিত ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির মালিককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে হোটেলটিতে আগুন লাগার ঘটনায় সাত বাংলাদেশিসহ মোট নয়জনের মৃত্যু হয়।
আনন্দবাজার পত্রিকার তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই হোটেল মালিক কলকাতা থেকে পালিয়ে ঝাড়খণ্ডের ধানবাদে আত্মগোপনে ছিলেন। শনিবার তিনি কলকাতার বেহালা এলাকায় তার নিজস্ব বাসভবনে ফিরে আসলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বাড়িটি বেহালার ডায়মন্ড হারবার রোডে অবস্থিত।
এদিকে, এই অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে নিউ মার্কেট এলাকায় হোটেলগুলোর নিরাপত্তা ও বৈধতা নিয়ে কঠোর ব্যবস্থা নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শুক্রবার পরিচালিত অভিযানে এলাকাটির ১১টি হোটেল বন্ধ করে দেওয়া হয়। এরপর শনিবার আরও ছয়টি হোটেল বন্ধ করার খবর পাওয়া গেছে।
শনিবার (২২ আগস্ট) কলকাতার বেহালা এলাকায় নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।




























