মক্কা প্যাক্টে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিক প্রস্তাব পেলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়েছিল।
রুমিন ফারহানা তার প্রশ্নে গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্যাক্টের প্রসঙ্গ তুলে ধরেন এবং বাংলাদেশ এই জোটে যুক্ত হলে কী ধরনের সুবিধা পেতে পারে তা জানতে চান। জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে চুক্তিটি এই তিনটি দেশের মধ্যেই সীমাবদ্ধ। তিনি বলেন, প্যাক্টে যোগদান বা না করার বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে আসেনি, কারণ এটি মূলত সদস্যদেশগুলোর অভিপ্রায়ের ওপর নির্ভর করছে। তারা যদি বাংলাদেশকে প্যাক্টে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করে, তবে বাংলাদেশ বিষয়টি ইতিবাচকভাবে দেখবে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আনুষ্ঠানিকভাবে প্রস্তাব আসার আগে চুক্তিটির ভালো-মন্দ নিয়ে আলোচনার সময় এখনো আসেনি, তবে ভবিষ্যতে বিষয়টি বিবেচনা করা হবে। তিনি মন্তব্য করেন যে, প্যাক্টটি যদি ভবিষ্যতে আরও বিস্তৃত হয়, তবে এটি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা হিসেবে গড়ে উঠতে পারে। এটি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয় এবং এ নিয়ে তৃতীয় কোনো পক্ষের উদ্বিগ্ন হওয়ার সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।





























