জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) রুমিন ফারহানা জানিয়েছেন, বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার মাত্র ৬ মাসের মধ্যে ৬২ হাজার মানুষ তাদের চাকরি হারিয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে ৭১ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এই তথ্য তুলে ধরেন।
রুমিন ফারহানা বলেন, বর্তমান সরকার নির্বাচনে ১ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ক্ষমতায় আসার পর ৬ মাসের ব্যবধানে ৬২ হাজার মানুষ বেকার হয়ে পড়েছে এবং ৯০০-এর বেশি কলকারখানা বন্ধ হয়ে গেছে। তিনি বর্তমান কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, যারা এখনো চাকরিতে আছেন, তাদের চাকরির নিশ্চয়তা কতদিন থাকবে তা আল্লাহ মাবুদ জানেন।
সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার তালিকার বিষয়ে সমালোচনা করে সাবেক এই বিএনপি নেত্রী বলেন, আইনশৃঙ্খলার উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জ্বালানি খাতের নিশ্চয়তা—এই তিনটি কাজের কথা অগ্রাধিকারের মধ্যে থাকলেও তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হয় ব্যঙ্গ করেন, নতুবা বাক চাতুর্য দিয়ে পুরো বিষয়টি ঢেকে দিতে চান। তিনি মন্তব্য করেন যে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেমন তিনজন মন্ত্রী আছেন, তেমনি ৬৪ জেলায় ৬৪ জন আইনশৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে কেবল মন্দ হতো না।
বাজারে নিত্যপণ্যের আকাশচুম্বী দামের কথা উল্লেখ করে তিনি বলেন, বাজারে গেলে ৮০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যায় না। ডিমের দাম কয়েকদফা বেড়েছে। চালের দাম, বিশেষ করে মিনিকেট চালের দাম যখন দ্বিগুণ হয়ে যায়, তখন সাধারণ মানুষের টিসিবির লাইনে দাঁড়ানোর দৃশ্য দেখা যায়।
গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়েও রুমিন ফারহানা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, মানুষ গ্যাস ও বিদ্যুতের বর্তমান পরিস্থিতি নিয়ে বলে, “টুকু আসে, টুকু যায়। এ আসে, এই যায়।” কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে না।






























