চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে পানিতে ডুবে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে চর চাকলা এলাকার মরা পাগলা নদীতে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মজিবুর রহমান জানান, কয়েকজন শিশু মিলে নদীতে গোসল করতে নেমেছিল। একপর্যায়ে একে একে পাঁচ শিশুই পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধারের জন্য তৎপরতা চালান।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত পাঁচ শিশুর নাম-পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তাদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।






























