সংবিধান সংশোধন বিষয়ক বিশেষ কমিটির চূড়ান্ত রিপোর্ট আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে কমিটির দ্বিতীয় বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সালাহউদ্দিন আহমদ জানান, কমিটির রিপোর্ট তৈরির কাজ শেষ হওয়ার পর আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সংবিধান সংশোধনী বিল সংসদে তোলা হবে।
কমিটির কাজের গতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা খুব দ্রুতগতিতে এগোতে চাই। প্রতি সপ্তাহে কমিটির একটি করে বৈঠক আয়োজন করা হবে। ডিসেম্বরের শেষ নাগাদ আলোচনা শেষ করে রিপোর্ট প্রণয়নের কাজ চূড়ান্ত করার আশা করছি।”
বৈঠকে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিয়ে তিনি জানান, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী ২৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এর মধ্যে ১৫টি দল প্রতিনিধি পাঠিয়ে সরাসরি অংশ নিয়েছে। এবি পার্টি লিখিত বক্তব্য জমা দিয়েছে। জাতীয় গণফ্রন্টের নেতারা পারিবারিক অসুস্থতার কারণে উপস্থিত হতে না পারলেও টেলিফোনে সমর্থন জানিয়েছেন। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি এখন পর্যন্ত বিশেষ কমিটির কার্যক্রমে অংশ নেয়নি।
সংবিধানের কাঠামোগত পরিবর্তনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার বিদ্যমান শাসনব্যবস্থা, নির্বাচন, বিচার, জনপ্রশাসন ও পুলিশি ব্যবস্থায় সংস্কারের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। এর মধ্যে অর্থবছর পরিবর্তনের বিষয়টিও অন্তর্ভুক্ত। উন্নয়ন প্রকল্প দ্রুত ও সুচারুরূপে বাস্তবায়ন এবং অপচয় রোধে সরকার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত নতুন অর্থবছর নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে, যা বাস্তবায়নের জন্য সংবিধানে পরিবর্তন প্রয়োজন।
দ্বিকক্ষবিশিষ্ট সংসদের উচ্চকক্ষ প্রসঙ্গে তিনি বলেন, “১০০ সদস্য নিয়ে উচ্চকক্ষ গঠনের বিষয়ে অনেক দল একমত হয়েছে। এই কক্ষ সরাসরি জনপ্রতিনিধিদের মাধ্যমে নির্বাচিত হবে না; বরং সংসদে পাওয়া আসনের আনুপাতিক হারে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত হবে। তবে উচ্চকক্ষের সংবিধান সংশোধনের ক্ষমতা থাকবে না।”
বিএনপি সংস্কার চায় না—এমন প্রচারণার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “এটি সম্পূর্ণ অসত্য। জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।” সংবিধানের প্রস্তাবিত সংশোধনী ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “সংস্কার পরিষদের মাধ্যমে না হলে আদালতে চ্যালেঞ্জ হবে বা সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করা যাবে না—এ ধরনের ধারণা সঠিক নয়।” এছাড়া তিনি উল্লেখ করেন যে, কোনো সরকার সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে জনচাহিদা অনুযায়ী সংবিধানের বিধান পরিবর্তন করতে পারে এবং বিশ্বে এমন অসংখ্য নজির রয়েছে। বিরোধী দলগুলো বর্তমানে সংসদে না থাকলেও বিল উত্থাপনের পর তারা আলোচনায় অংশ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।





























