দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে নতুন এই মূল্য নির্ধারণের কথা জানানো হয়েছে। নতুন এই দাম আজ রোববার রাত ১২টা থেকে কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। কেরোসিনের দামও লিটারে ১৩৫ থেকে বেড়ে ১৫৫ টাকায় দাঁড়িয়েছে। এছাড়া পেট্রলের নতুন দাম প্রতি লিটার ১৬০ টাকা এবং অকটেনের দাম ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে পেট্রলের দাম ছিল ১৪০ টাকা এবং অকটেনের দাম ছিল ১৪৫ টাকা।
জ্বালানি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৮ এপ্রিল ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করেছিল সরকার। এরপর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ অস্বাভাবিকভাবে বাড়লেও বিগত পাঁচ মাস দেশে তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম ছিল।
বিভাগটির ভাষ্যমতে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। সরকার জনস্বার্থ বিবেচনায় দীর্ঘসময় দাম না বাড়ালেও, এই পরিস্থিতির কারণে বিপিসির গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।





























