প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৩২। ফেসবুকে একটি আবেগপূর্ণ পোস্ট দেয়ার পর জামালপুর জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জাকিরুল হককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
জাকিরুল হক মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের গুনারিতলা পূর্বপাড়া এলাকার সামিউল হকের ছেলে। বহিষ্কারের কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ’ উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এর আগে সোমবার সকালে জাকিরুল হক তার ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘যাদের কাছে আমি ধানের শীষের জন্য ভোট চাইছি, তাদের কাছে মাফ চাই। আপনাদের পা ধরি ভাই, কেউ আর এসএমএস, কল দিয়েন না। একটা ভোটই তো চেয়েছিলাম, জায়গা-জমি তো আর চাইনি।’ ওই পোস্টে তিনি আরও উল্লেখ করেন যে, ‘দলের আগে দেশ’, তিনি দেশের পক্ষে এবং সাধারণ জনগণের পাশে রয়েছেন।
নিজের বহিষ্কারের বিষয়ে জাকিরুল হক বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সকালে ফেসবুকে পোস্ট দেয়ার কারণেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে, জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুল ইসলাম সুমিল বহিষ্কারের সিদ্ধান্তটিকে যুক্তিযুক্ত বলে মন্তব্য করেছেন।




























