ইরানের এক অজ্ঞাত পরিচয় কর্মকর্তা মঙ্গলবার জাপানের কিয়োদো নিউজকে জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র যদি সামরিক চাপ কমানোর প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করে, তবে তেহরান সাত দিনের মধ্যেই হরমোজ প্রণালী পুনরায় খুলে দিতে প্রস্তুত। তবে এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ইরানি ওই কর্মকর্তার মতে, এই প্রস্তাবটি ইতিমধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এই প্রস্তাবের মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যে শত্রুতার চিরস্থায়ী অবসানের জন্য নতুন করে আলোচনার পথ তৈরি করা। তবে চলতি সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কোনো বৈঠকের সম্ভাবনা তিনি নাকচ করে দিয়েছেন।
ওই কর্মকর্তা আরও বলেন, এখন একটি চুক্তির দিকে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে, তবে কূটনীতি সফল করতে হলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাদের আন্তরিকতা ও প্রতিশ্রুতি প্রদর্শন করতে হবে।
উল্লেখ্য যে, জ্বালানি ও নিত্যপণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কৌশলগত জলপথ বা হরমোজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা চলছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর তেহরান ইসরায়েল ও মার্কিন সম্পদ রয়েছে এমন বিভিন্ন দেশে পাল্টা হামলা চালায়। পরবর্তীতে এপ্রিলে পাকিস্তানের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছালেও জুন মাসে ইসলামাবাদ সমঝোতা স্মারকের মাধ্যমে দুই পক্ষকে দীর্ঘমেয়াদী চুক্তির আলোচনার জন্য ৬০ দিন সময় দেওয়া হয়েছিল। তবে সেই সময়ের মধ্যেই উভয় পক্ষ পাল্টা আক্রমণে জড়িয়ে পড়ে এবং যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর সামরিক অবরোধ পুনর্বহাল করলে ইরান হরমোজ প্রণালী বন্ধ করে দেয়।




























