ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার লায়ন সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে মো. আসাদুল ইসলাম (২১) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এই অভিযানটি এসআরবি-১১ ও এসআরবি-১০ যৌথভাবে পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত আসাদুল ইসলাম পটুয়াখালী সদর থানার ভায়লা এলাকার আশরাফ হাওলাদার ও তানিয়া বেগম দম্পতির ছেলে। এসআরবি সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১) ধারার একটি মামলায় আসাদুল আদালত কর্তৃক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন।
মামলা দায়ের ও সাজা ঘোষণার পর থেকে আসামি আসাদুল দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান চিহ্নিত করে সোমবার দুপুরে যৌথ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আসামিকে নারায়ণগঞ্জের আদালতে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।






























