দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার ও বৈচিত্র্যময় করার অংশ হিসেবে বাংলাদেশি পণ্যের জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চেয়েছে বাংলাদেশ। বুধবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন সাক্ষাতে এলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ অনুরোধ জানান।
বৈঠককালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যকার বাণিজ্যের পরিধি বাড়ানো ও নতুন পণ্যের অন্তর্ভুক্তির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এ সময় তিনি রাশিয়া থেকে বাংলাদেশে গম ও সার সরবরাহের বিষয়টি ইতিবাচকভাবে উল্লেখ করে বাংলাদেশি পণ্যের রপ্তানি সুবিধা বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে রুশ বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে দেশটির বিনিয়োগকারীদের প্রতি আমন্ত্রণ জানান তিনি।
আলোচনায় বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকারি কমিশনের সাম্প্রতিক সভার সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন হুমায়ুন কবির। দুই দেশের মধ্যে বর্তমানে যে সব চুক্তি বা দ্বিপাক্ষিক দলিল প্রক্রিয়াধীন রয়েছে, সেগুলো দ্রুত চূড়ান্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া বৈঠকে দক্ষ জনশক্তি অভিবাসন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষাবৃত্তি ও অ্যাকাডেমিক বিনিময়সহ শিক্ষা খাতের সার্বিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ঢাকায় অবস্থিত রুশ দূতাবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া সহজতর করার অনুরোধও জানান প্রতিমন্ত্রী। জবাবে রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন জানান, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বকে রাশিয়া অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে তাঁর দেশ আগ্রহী বলে তিনি পুনর্ব্যক্ত করেন।




























