আন্তর্জাতিক অর্থায়নে বড় ধরনের ধস নামায় এইচআইভি ও এইডস প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রমে কয়েক দশকের বৈশ্বিক অর্জন চরম হুমকির মুখে পড়েছে। জাতিসংঘের এইডসবিষয়ক সংস্থা ইউএনএইডস তাদের ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদনে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, মোট বরাদ্দ কমে যাওয়ায় বিশ্বজুড়ে নতুন করে সংক্রামন এবং প্রাণহানির ঘটনা বৃদ্ধির মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনটিতে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের বরাতে বলা হয়, এ অবস্থা অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে জনস্বাস্থ্যগত হুমকি হিসেবে এইডসের অবসান ঘটানোর যে আন্তর্জাতিক লক্ষ্য রয়েছে, তা ভেস্তে যেতে পারে।
প্রতিবেদনটির হিসাব অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বজুড়ে এইডস-সংশ্লিষ্ট বিভিন্ন শারীরিক জটিলতায় আনুমানিক ৫ লাখ ৭০ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যা দৈনিক হিসেবে প্রায় ১ হাজার ৬০০ জন। যদিও আগের বছর ২০২৪ সালে প্রাণহানি ঘটেছিল ৬ লাখ মানুষের এবং ২০১০ সালে যা ছিল প্রায় ১৩ লাখ। আধুনিক চিকিৎসার বৈপ্লবিক উন্নয়ন ও সেবার বিস্তারের ফলে চিকিৎসা শুরুর দুই দশকের বেশি সময়ের মধ্যে এই মৃত্যুসংখ্যা সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। প্রতিবেদনে আরও দেখা গেছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে প্রায় ৪ কোটি ১০ লাখ মানুষ এইচআইভি নিয়ে জীবনযাপন করছিলেন। এর মধ্যে ৩ কোটি ২১ লাখ মানুষ জীবনরক্ষাকারী অ্যান্টিরেট্রোভাইরাল (এআরটি) থেরাপি পেয়েছিলেন। এ ছাড়া ওই এক বছরে নতুন আক্রান্ত হয়েছেন প্রায় ১২ লাখ মানুষ, যেখানে ১৯৯৪ সালের সর্বোচ্চ সংক্রমণের সময় এ সংখ্যা পৌঁছায় প্রায় ৩৫ লাখে।
তবে বৈশ্বিক অর্থায়নের বড় পতন এই অগ্রগতি থামিয়ে দেওয়ার আশঙ্কা তৈরি করেছে। ইউএনএইডস জানায়, ২০২৫ সালে এইচআইভি প্রতিরোধে আন্তর্জাতিক অর্থায়ন পূর্ববর্তী বছরের চেয়ে ১৮ শতাংশ কমে গেছে। পাশাপাশি সার্বিক উন্নয়ন সহায়তায় ২৩ শতাংশ হ্রাস ঘটেছে, যা ইতিহাসের একক বছরে সহায়তা কমার সর্বোচ্চ রেকর্ড। আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়ন কমে যাওয়াটাই অনেক দেশের কার্যক্রমকে কোণঠাসা করে ফেলেছে। ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটির অবদান কমেছে ২৬ শতাংশ। একইভাবে এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াই চালানো গ্লোবাল ফান্ডের বরাদ্দ ছাড় কমেছে ১৩ শতাংশ। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে এই খাত ব্যবহারের অর্থ আগের বছরের তুলনায় ১০০ কোটি ডলারের বেশি হ্রাস পেয়েছে। সব মিলিয়ে ২০৩০ সালের বৈশ্বিক লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজনীয় অর্থের ঘাটতি দাঁড়িয়েছে ৪৩০ কোটি ডলারে।
পরিস্থিতি নিয়ে ইউএনএইডসের নির্বাহী পরিচালক উইনি বিয়ানিমা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বিশ্ব একটি প্রতিরোধযোগ্য সংকটের দিকে ধাবিত হচ্ছে যা চাইলে এখনো ঠেকানো সম্ভব। প্রতিটি বন্ধ হয়ে যাওয়া স্বাস্থ্য কেন্দ্র, চাকরি হারানো স্বাস্থ্যকর্মী কিংবা প্রতিরোধসেবা থেকে বঞ্চিত হওয়া তরুণী ভবিষ্যতে নতুন সংক্রমণের কারণ হয়ে দেখা দেবে। অর্থ সংকটের সবচেয়ে বড় মাশুল দিতে হচ্ছে প্রতিরোধমূলক খাতগুলোকে। অনেক দেশে কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি পরীক্ষার সুযোগ মারাত্মকভাবে সীমিত করা হয়েছে।
প্রতিবেদনে জানা গেছে, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে প্রায় ৪ লাখ ৪৬ হাজার কম মানুষ এইচআইভি প্রতিরোধী ওষুধ প্রি-এক্সপোজার প্রফিল্যাক্সিস (প্রিইপি) ব্যবহারের সুযোগ পেয়েছেন। বিশেষ করে যৌনকর্মী, একই সুই ব্যবহারকারী মাদকসেবী, ট্রান্সজেন্ডার ও সমকামী পুরুষদের মধ্যে এ ওষুধের ব্যবহার কমেছে। একই সঙ্গে বিশ্বজুড়ে কনডম সরবরাহের পরিমাণ ২০২৪ সালের ৩০০ কোটি থেকে কমে ২০২৫ সালে ২৭০ কোটিতে নেমে আসে। ভাইরাসের মাত্রা ও এইচআইভি পরীক্ষা কমে যাওয়ায় আক্রান্ত ব্যক্তিদের সেবা নিশ্চিত করা ও নতুন সংক্রামণ ঠেকানো দুরূহ হচ্ছে। সংস্থাটির মতে, চিকিৎসা বন্ধ হওয়ার পূর্ণ প্রভাব পরিসংখ্যানে আসতে আরো কিছুটা সময় লাগবে, ফলে সবচেয়ে কঠিন পরিস্থিতি এখনো সামনে আসার অপেক্ষা করছে। তবে সঠিক রাজনৈতিক সদিচ্ছা, প্রয়োজনীয় তহবিল গঠন ও বৈষম্যহীন সেবা দেওয়া গেলে এ সংকট কাটিয়ে ২০৩০ সালের মধ্যে ৩২ লাখ সংক্রমণ ও ১৩ লাখ মৃত্যু এড়ানো সম্ভব হতে পারে।





























