ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াইয়ে অংশ নেওয়ার উদ্দেশ্যে রাশিয়ায় যাওয়ার চেষ্টাকালে এক জিম্বাবুইয়ান নাগরিককে দক্ষিণ আফ্রিকায় দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে। তাফাদজা সিথোলে নামে ওই ব্যক্তিকে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার একটি আদালত পাঁচ বছরের কারাদণ্ড দেয়, তবে এই সাজা পাঁচ বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। তাকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
সিথোলে দক্ষিণ আফ্রিকার আদালতে স্বীকার করেছেন যে, তিনি জিম্বাবুয়েতে অনলাইনে আবেদন করার পর রাশিয়ার হয়ে লড়াইয়ের বিনিময়ে অর্থ উপার্জনের চুক্তি করেছিলেন। তিনি জানান, 'আলবিনা' নামে এক ব্যক্তি তার সাথে যোগাযোগ করেন, দক্ষিণ আফ্রিকায় তার থাকার ব্যবস্থা করেন এবং রাশিয়ায় যাওয়ার বিমানের টিকিট সরবরাহ করেন। দক্ষিণ আফ্রিকার প্রসিকিউটরদের সাথে করা এক সমঝোতা চুক্তিতে তিনি তার অপরাধের বিস্তারিত স্বীকার করেন। তিনি বিদেশি সামরিক সহায়তা আইন (রেগুলেশন অফ ফরেন মিলিটারি অ্যাসিস্ট্যান্স অ্যাক্ট) লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হন, যা বিদেশি কোনো সংঘাতের ক্ষেত্রে ভাড়াটে যোদ্ধা হিসেবে কাজ করা বা সামরিক সহায়তা প্রদানের মতো কর্মকাণ্ডকে নিষিদ্ধ করে।
নিজে একজন বেকার শিক্ষার্থী পরিচয় দেওয়া সিথোলে জানান, তিনি গত ৪ নভেম্বর বৈধভাবে দক্ষিণ আফ্রিকায় প্রবেশ করেন এবং জোহানেসবার্গের পূর্বে কেম্পটন পার্কে অবস্থান করেন। ৮ নভেম্বর রাশিয়ার উদ্দেশ্যে বিমানে ওঠার সময় জোহানেসবার্গের ও.আর. টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। তার আইনজীবী আদালতে জানান, সিথোলে রাশিয়ার সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে যুদ্ধ করার বিনিময়ে অর্থ গ্রহণ করতে রাজি হয়েছিলেন এবং তিনি জানতেন যে সেখানে চলমান সশস্ত্র সংঘাতের প্রেক্ষাপটেই এই সামরিক সেবা প্রদান করতে হবে।
এই ঘটনায় আরও চারজন অভিযুক্ত আদালতে উপস্থিত ছিলেন, যারা বর্তমানে প্রসিকিউটরদের সাথে সমঝোতার প্রক্রিয়া চালাচ্ছেন। এছাড়া একই ধরনের অভিযোগে বতসোয়ানার এক নাগরিককেও মঙ্গলবার আদালতে হাজির করা হয়েছে। জিম্বাবুয়েসহ কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা এবং ঘানার মতো আফ্রিকান দেশগুলোতে রাশিয়া তাদের যুদ্ধের জন্য যোদ্ধা নিয়োগের চেষ্টা করছে বলে জানা গেছে। জিম্বাবুইয়ান কর্তৃপক্ষ মার্চ মাসে জানিয়েছিল যে, তাদের ১৫ জন নাগরিক যুদ্ধে নিহত হয়েছেন এবং তারা আরও ৬৬ জনকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। সরকারের ভাষ্যমতে, অনেককে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে নেওয়া হলেও পরে তাদের পাসপোর্ট জব্দ করে জোরপূর্বক যুদ্ধে পাঠানো হয়েছে।
নন-প্রফিট ডেটা জার্নালিজম এবং প্রযুক্তি সংস্থা 'কোড ফর আফ্রিকা'-এর এক তদন্তে দেখা গেছে, প্রায় ২৮৯টি ওয়েবসাইট, ডোমেইন এবং সোশ্যাল মিডিয়া প্রোফাইল ব্যবহার করে মিথ্যা বিজ্ঞাপন এবং বড় অংকের বেতনের প্রলোভন দেখিয়ে লোকজনকে যুদ্ধে নিয়োগের ফাঁদ পাতা হচ্ছে।
কেনিয়া সরকার ফেব্রুয়ারিতে জানিয়েছিল যে, রাশিয়ার হয়ে লড়াই করার জন্য তাদের ১০০০-এর বেশি নাগরিককে নিয়োগ দেওয়া হয়েছে। মার্চ মাসে নাইরোবিতে ভুক্তভোগী পরিবারগুলো বিক্ষোভ প্রদর্শন করে তাদের স্বজনদের ফিরিয়ে আনা এবং এর সাথে জড়িতদের বিচারের দাবি জানায়।































