ইতালিয়ান সিরি আ-র পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লাৎসিও নিজেদের পরবর্তী ম্যাচে টোরিনোর মুখোমুখি হতে যাচ্ছে। তবে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে চোটের কারণে ডাচ মিডফিল্ডার কেনেথ টেলরকে পাচ্ছে না রোমের ক্লাবটি। সংবাদ সম্মেলনে টেলরের অনুপস্থিতির কথা নিশ্চিত করেছেন লাৎসিও প্রধান কোচ জেন্নারো গাত্তুসো। একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লিগের বর্তমান অবস্থানে সন্তুষ্ট হয়ে বসে থাকার কোনো সুযোগ নেই।
লেচ্যের বিপক্ষে গত ম্যাচের দ্বিতীয় অর্ধে চোট পেয়েছিলেন কেনেথ টেলর। পরবর্তীতে এমআরআই স্ক্যানে তাঁর পায়ের ফোলা ভাব ধরা পড়ে। আগামী সোমবারে টেলরের পাশাপাশি তাভারেস, সুতালো এবং মারুসিচেরও পুনরায় এমআরআই পরীক্ষা করা হবে। তারা এই ম্যাচে না থাকলেও ফরোয়ার্ড নস্লিন এবং উইঙ্গার জাক্কানি পুরোপুরি সুস্থ রয়েছেন এবং খেলার জন্য প্রস্তুত বলে জানান গাত্তুসো।
টেলরের অনুপস্থিতি সত্ত্বেও দলের কৌশলে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন লাৎসিও কোচ। তিনি জানান, স্কোয়াডের নির্দিষ্ট খেলার ধারা বজায় থাকবে। বল বানানোর ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ তৈরি হতে পারে, তবে টোরিনোর বিরুদ্ধে এই ম্যাচটি দলের বৈশিষ্ট্যের সঙ্গেই খাপ খায়। টেলর যা দিতে পারতেন তা অন্য কারও পক্ষে পুরোপুরি পূরণ করা সম্ভব না হলেও শারীরিক সক্ষমতা ও গতির ওপর বাড়তি জোর দিয়ে জয় ছিনিয়ে নিতে চায় দল।
মিডফিল্ডে টেলরের শূন্যস্থান পূরণে নাইজেরিয়ান ফুটবলার ফিসায়ো দেলে-বাশুরুর ওপর আস্থা রাখছেন গাত্তুসো। তিনি সৎভাবে স্বীকার করেন যে, দেলে-বাশুরু আরও বেশি সময় খেলার সুযোগ পাওয়ার যোগ্য ছিলেন এবং একাদশে সুযোগ না পেয়ে ক্ষোভ প্রকাশ করাটাও তাঁর জন্য স্বাভাবিক ছিল। দেলে-বাশুরুর যথেষ্ট উন্নতি হয়েছে এবং তাঁর কৌশলগত ও শারীরিক দক্ষতা দলের জন্য কার্যকর হবে বলে আশাবাদী কোচ। কোনো ধরনের মানসিক চাপ ছাড়াই দেলে-বাশুরুকে স্বাভাবিক খেলাটা খেলার পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে টোরিনোর বিপক্ষে দ্বিতীয় বল দখল এবং দ্রুত আক্রমণে যাওয়া বা ট্রানজিশন ম্যাচের ভাগ্য নির্ধারণে মূল ভূমিকা রাখবে বলে মনে করেন গাত্তুসো।
এই ম্যাচটির মাধ্যমে প্রাক্তন এসি মিলান সতীর্থ ইগনাজিও আবাতের মুখোমুখি হতে যাচ্ছেন গাত্তুসো, যিনি বর্তমানে টোরিনোর ডাগআউটে রয়েছেন। আবাতের সাথে নিজের পুরোনো সম্পর্কের কথা স্মরণ করে গাত্তুসো জানান, তরুণ বয়স থেকেই তিনি আবাতকে আগলে রেখেছিলেন। খেলোয়াড় জীবনে মিলানে খেলার সময় গাত্তুসো আবাতকে এমনকি সেন্টার-ব্যাক হিসেবেও খেলিয়েছিলেন, যেখানে সান সিরোর দর্শকরা হাততালি দিয়ে তাঁকে অভিবাদন জানাত। আবাতকে পরবর্তীতে কোচিং করানোর পাশাপাশি আজ একজন প্রধান কোচ হিসেবে তাঁর এই অগ্রগতি দেখতে পেয়ে গর্ববোধ করছেন গাত্তুসো।
চলতি মৌসুমে নগর প্রতিদ্বন্দ্বী রোমার পাশাপাশি লাৎসিও-ই সিরি আ-র একমাত্র অপরাজিত দল। লিগ টেবিলে অবস্থান নিয়ে গাত্তুসো বলেন, মাঠে দলের পারফরম্যান্সই ভবিষ্যতের সিদ্ধান্ত নেবে। নিজের সাবেক কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রির উদাহরণ টেনে তিনি রসিকতা করে বলেন, অ্যালেগ্রি পরিসংখ্যান ও সংখ্যা নিয়ে অসাধারণ হলেও তিনি নিজে এতে অতটা পটু নন; বরং প্রতিটি দিন ধরে ধরে পথ চলাই তাঁর পছন্দ।
পয়েন্ট টেবিলের লড়াই যে অত্যন্ত কঠিন, তাও মনে করিয়ে দেন গাত্তুসো। গত বছরের এই সময়ের তুলনায় ইন্টার মিলানের ঝুলিতে এখন বেশি পয়েন্ট রয়েছে। তাই শীর্ষস্থান ধরে রাখতে হলে সামান্য ভুলও করা যাবে না। নগর প্রতিদ্বন্দ্বী রোমার সঙ্গে শীর্ষ লড়াই রোমান সমর্থকদের জন্য রোমাঞ্চকর হলেও, গাত্তুসোর মূল লক্ষ্য দলের অবস্থানে আরও উন্নতি আনা। যা অর্জন হয়েছে তা নিয়েই সন্তুষ্ট থাকলে শিরোপা দৌড়ে টিকে থাকা সম্ভব নয় বলে হুঁশিয়ারি দেন তিনি।































