দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রবাহ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশি নাগরিক এবং শতভাগ বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের জন্য বিনিয়োগের ১ দশমিক ২৫ শতাংশ হারে প্রণোদনা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এই লক্ষ্য বাস্তবায়নে 'প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬' জারি করা হয়েছে। ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬-এর ২২ ধারার ক্ষমতাবলে গত ২৫ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসআরও নম্বর ৪২২-আইন/২০২৬-এর মাধ্যমে এই নীতিমালাটি গেজেটে প্রকাশিত হয়, যা অবিলম্বে কার্যকর হয়েছে।
এই নীতিমালার আওতায় প্রবাসী বাংলাদেশিসহ দেশের সব নাগরিক এবং শতভাগ বাংলাদেশি মালিকানাধীন নিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান ও লিমিটেড কোম্পানি প্রণোদনার জন্য আবেদন করতে পারবে। তবে সুবিধাটি শুধুমাত্র নতুন ইক্যুইটি বিনিয়োগের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। বিদ্যমান শেয়ারহোল্ডারদের অতিরিক্ত শেয়ার ক্রয় বা উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে করা বিনিয়োগ এই প্রণোদনার আওতাভুক্ত হবে না। অবশ্য কোনো বিদ্যমান বিনিয়োগকারী যদি তার বর্তমান ব্যবসার বাইরে সম্পূর্ণ নতুন কোনো খাতে বা ভিন্ন কোনো কোম্পানিতে বিনিয়োগ করেন, তবে তা প্রণোদনার জন্য বিবেচিত হতে পারে।
প্রণোদনা পাওয়ার জন্য ন্যূনতম ১০ লাখ মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিনিয়োগ নিশ্চিত করা বাধ্যতামূলক। আবেদনকারীদের বিনিয়োগ সম্পন্ন হওয়ার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পোর্টালে প্রাক-নিবন্ধন করে স্বতন্ত্র 'লিড রেজিস্ট্রেশন আইডি' সংগ্রহ করতে হবে। এফডিআই এনক্যাশমেন্টের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে চূড়ান্ত আবেদন জমা দিতে হবে এবং মূল্যায়নে কমপক্ষে ৭০ শতাংশ নম্বর পেতে হবে। স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে আবেদনকারীর সঙ্গে বিদেশি বিনিয়োগকারী বা যৌথ বিনিয়োগ প্রতিষ্ঠানের কোনো ধরনের সম্পৃক্ততা থাকা চলবে না; এমনকি বিনিয়োগের পূর্ববর্তী দুই বছরেও কোনো আনুষ্ঠানিক সম্পর্ক থাকা নিষিদ্ধ।
প্রণোদনার অর্থ দুই কিস্তিতে বিতরণ করা হবে। আবেদন অনুমোদন এবং এফডিআই এনক্যাশমেন্ট নিশ্চিত হওয়ার পর প্রথম ৫০ শতাংশ প্রদান করা হবে। অবশিষ্ট ৫০ শতাংশ এক বছর পর কারখানা স্থাপন, যন্ত্রপাতি আমদানি বা বাণিজ্যিক কার্যক্রমের অগ্রগতি এবং বিনিয়োগের ইক্যুইটি বহাল থাকার বিষয়টি যাচাই সাপেক্ষে দেওয়া হবে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি)-এর সহায়তায় বিনিয়োগের বৈধতা যাচাই করা হবে। নগদ অর্থ কিংবা তৃতীয় পক্ষের মাধ্যমে আসা বিনিয়োগ এই সুবিধার আওতায় পড়বে না এবং বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে তৃতীয় পক্ষের নিরীক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধির নেতৃত্বে একটি কার্যনির্বাহী কমিটি আবেদন যাচাই-বাছাই করবে এবং অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত জাতীয় পর্যালোচনা কমিটি চূড়ান্ত অনুমোদন দেবে। প্রণোদনার অর্থ অর্থ বিভাগের 'এফডিআই ইনসেনটিভ তহবিল' থেকে স্থানীয় মুদ্রায় প্রদান করা হবে, তবে প্রবাসী বাংলাদেশিরা চাইলে এই অর্থ দেশের বাইরে পাঠাতে পারবেন। স্বচ্ছতা বজায় রাখতে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ প্রতিবছর একটি ডাটাবোর্ড প্রকাশ করবে এবং জাতীয় পর্যালোচনা কমিটি নিয়মিত নীতিমালাটি পর্যালোচনা করবে। বর্তমানে কার্যকর হওয়ার আগে দেশে আসা বিনিয়োগের বিপরীতে এই সুবিধা প্রযোজ্য হবে না। আবেদন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের ওয়েবসাইটে পাওয়া যাবে।




























