চলতি নভেম্বর মাসের প্রথম ২৮ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২৬৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১২৩ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩৩ হাজার ১৯৮ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের একই সময়ে দেশে ২৬৪ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল। অর্থাৎ, এ বছর একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ৫ কোটি ৯০ লাখ ডলার বা ২ দশমিক ৩ শতাংশ।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহের ধারা বেশ শক্তিশালী। ১ জুলাই থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৪১৭ কোটি ১০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের ১ হাজার ২৭৮ কোটি ৯০ লাখ ডলারের তুলনায় ১০ দশমিক ৮ শতাংশ বেশি।
প্রবাসী আয়ের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও মুদ্রাবাজারে ইতিবাচক প্রভাব ফেলছে। রেমিট্যান্স আসার বর্তমান ধারা বজায় থাকলে চলতি মাসে মোট প্রবাসী আয়ের পরিমাণ তিন বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এর আগে সদ্য বিদায়ী অক্টোবর মাসে দেশে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছিল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ হাজার ৩৪৫ কোটি ২৮ লাখ টাকা।






























