করোনা মহামারীর সময় নিজের বাগানে হেঁটে কোটি কোটি পাউন্ড সংগ্রহ করে বিশ্বজুড়ে আলোচনায় আসা ব্রিটিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ফেরত প্রবীণ ক্যাপ্টেন টম মুরের নামে প্রতিষ্ঠিত দাতব্য সংস্থাটি বন্ধের আবেদন জানানো হয়েছে। সংস্থাটির বিরুদ্ধে বারবার আর্থিক অসঙ্গতির অভিযোগ ওঠার দুই বছর পর এই পদক্ষেপ নেওয়া হলো।
যুক্তরাজ্যের সরকারি সংস্থা কোম্পানি হাউজের তালিকায় শুক্রবার সংস্থাটি বিলুপ্ত করার আবেদনটি প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, মহামারী চলাকালীন প্রতিদিন বাগানে হেঁটে প্রায় ৩৯ মিলিয়ন পাউন্ড (৪৯ মিলিয়ন ডলার) সংগ্রহ করেছিলেন ১০০ বছর বয়সে ২০২১ সালে মারা যাওয়া ক্যাপ্টেন টম মুর। তার সংগৃহীত সব অর্থ ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসে (এনএইচএস) দান করা হয়েছিল। তার এই মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালের জুলাই মাসে রানি দ্বিতীয় এলিজাবেথ তাকে উইন্ডসর ক্যাসলে নাইট উপাধিতে ভূষিত করেন।
মুরের এই অভাবনীয় সাফল্যের পর তার পরিবার ‘ক্যাপ্টেন টম ফাউন্ডেশন’ নামে একটি দাতব্য সংস্থা গঠন করে। তবে প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি বিতর্কের মুখে পড়ে। ২০২৪ সালের নভেম্বরে ব্রিটেনের দাতব্য নিয়ন্ত্রক সংস্থা তদন্ত শেষে জানায় যে, ক্যাপ্টেন টম মুরের মেয়ে এবং জামাতা ব্যক্তিগতভাবে এই সংস্থা থেকে আর্থিকভাবে লাভবান হয়েছেন।
এই ঘটনার প্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থা ক্যাপ্টেন টম মুরের মেয়ে হান্না ইনগ্রাম-মুরকে ১০ বছরের জন্য এবং তার স্বামী কলিনকে ৮ বছরের জন্য যেকোনো দাতব্য সংস্থার ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন থেকে নিষিদ্ধ করেছে। ফাউন্ডেশনটি বর্তমানে ‘১১৮৯৮০৮ ফাউন্ডেশন’ নামে পরিচিত। গত বছর মুরের পরিবারের অনুরোধে সংস্থাটি থেকে তার নাম সরিয়ে ফেলা হয়। তবে ফাউন্ডেশনটি গঠনের আগে স্যার টম যে কোটি কোটি টাকা সরাসরি এনএইচএস চ্যারিটিস টুগেদারের কাছে দান করেছিলেন, তা এই তদন্তের আওতাভুক্ত ছিল না।





























