রাজধানীর শেরেবাংলা নগরে নবনির্মিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকালে তিনি জাদুঘর প্রাঙ্গণে উপস্থিত হয়ে স্মৃতি ফলক উন্মোচন করেন। ফলক উন্মোচনের পর বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়।
উদ্বোধনের পরপরই প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় তিনি জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, গণমানুষের অংশগ্রহণ এবং বিজয়ের বিভিন্ন নিদর্শন, আলোকচিত্র, গুরুত্বপূর্ণ দলিলপত্র ও স্মারকগুলো মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ ও বিজয়ের ইতিহাস নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত অতিথিদের সামনে তুলে ধরা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বোধনের দিন অর্থাৎ বুধবার জাদুঘরটি শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। তবে সাধারণ দর্শনার্থীদের জন্য এটি বৃহস্পতিবার থেকে খুলে দেওয়া হবে।
উল্লেখ্য যে, এই জাদুঘরটি জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, যা আগামী প্রজন্মের কাছে আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরবে।
জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর জুলাই গণঅভ্যুত্থান জুলাই শহীদ দিবস তারেক রহমান
কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সূত্র: যুগান্তর





























