কবজির চোটের কারণে আসন্ন সিনসিনাটি মাস্টার্স টেনিস টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। আগামী ১৩ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে নিজের শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামা হচ্ছে না তাঁর।
চলমান এই চোটের কারণে ২৩ বছর বয়সী এই তারকার ইউএস ওপেনের শিরোপা ধরে রাখা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন আগামী ৩০ আগস্ট নিউ ইয়র্কে শুরু হতে যাচ্ছে, যার প্রস্তুতি হিসেবে সিনসিনাটি মাস্টার্সকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়।
গত এপ্রিল মাসে বার্সেলোনা ওপেনের প্রথম রাউন্ডে কবজিতে চোট পেয়েছিলেন আলকারাজ। এই চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় চলতি বছর তিনি ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনেও অংশ নিতে পারেননি। এর আগে মাদ্রিদ ও রোম টুর্নামেন্ট থেকেও নাম প্রত্যাহার করেছিলেন সাতবারের এই গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন। ফ্রেঞ্চ ওপেন (রোল্যান্ড গ্যারোস) থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে তিনি ও তাঁর দল "সবচেয়ে বিচক্ষণ কাজ" হিসেবে বর্ণনা করেছিলেন।
পরবর্তীতে উইম্বলডনেও খেলতে পারেননি আলকারাজ। তাঁর অনুপস্থিতিতে সেখানে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেন তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ইয়ানিক সিনার, যিনি ফাইনালে ফ্রেঞ্চ ওপেনজয়ী জার্মানির আলেকজান্ডার জভেরেভকে পরাজিত করেন। উইম্বলডন থেকে সরে দাঁড়ানোর সময় আলকারাজ জানিয়েছিলেন, তাঁর পুনর্বাসন প্রক্রিয়া ভালোভাবেই চলছে তবে তিনি এখনো খেলার জন্য পুরোপুরি প্রস্তুত নন। ২০২১ সালে অস্ট্রেলিয়ান ওপেনের মূল পর্বে অভিষেকের পর এটি আলকারাজের ক্যারিয়ারে মিস করা তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম।
টুর্নামেন্ট ডিরেক্টর বব মোরান এক বিবৃতিতে বলেন, "আমরা জানি কার্লোস যত দ্রুত সম্ভব কোর্টে ফেরার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করি এবং ভবিষ্যতে সিনসিনাটিতে তাঁকে আবারও স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছি।"
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মাধ্যমে ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করার গৌরব অর্জন করেন আলকারাজ। এছাড়া গত ফেব্রুয়ারিতে দোহায় এটিপি শিরোপাও জিতেছিলেন তিনি।


























