এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য ফল পুনর্নিরীক্ষণের বা খাতা চ্যালেঞ্জের সুযোগ আজ মঙ্গলবার (১১ আগস্ট) থেকে শুরু হয়েছে। শিক্ষার্থীরা নির্ধারিত ফি জমা দিয়ে আগামী ১৭ আগস্ট পর্যন্ত শিক্ষা বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে এই আবেদন করতে পারবেন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার কোনো ম্যানুয়াল বা সরাসরি লিখিত আবেদন গ্রহণ করা হবে না। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া ও এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে বিস্তারিত দেওয়া হয়েছে।
প্রতিটি পত্রের জন্য পুনর্নিরীক্ষণ ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। বাংলা ও ইংরেজির মতো দুই পত্রের বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে। আবেদন ফি বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে। একজন শিক্ষার্থী আবেদন জমা দেওয়ার পর প্রয়োজনে নতুন করে আরও অতিরিক্ত বিষয়ের জন্য পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
আবেদন পোর্টালের 'মুছে ফেলুন' বাটন ব্যবহার করে ফি পরিশোধের আগে ভুলবশত নির্বাচিত বিষয় সংশোধন বা বাদ দেওয়ার সুযোগ রয়েছে। তবে একবার ফি পরিশোধ সম্পন্ন হয়ে গেলে কোনো বিষয় পরিবর্তন বা বাতিল করা সম্ভব হবে না এবং পরিশোধিত ফি ফেরতযোগ্য নয়।
আবেদন করার জন্য প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ড্রপডাউন মেনু থেকে নিজ বোর্ড নির্বাচন করে সাবমিট করতে হবে। পরবর্তী ধাপে একটি সক্রিয় মোবাইল নম্বর প্রদান করতে হবে, যেখানে এসএমএস-এর মাধ্যমে ফল জানানো হবে। এরপর বিষয়ভিত্তিক তালিকা থেকে কাঙ্ক্ষিত বিষয়গুলো টিক চিহ্ন দিয়ে সিলেক্ট করতে হবে। ফি পরিশোধের বিস্তারিত নিয়ম পোর্টালের 'হেল্প' অপশন থেকে জানা যাবে। সফলভাবে ফি পরিশোধের পর পোর্টালে পুনরায় প্রবেশ করে 'জমা দিন' বাটনে ক্লিক করলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
প্রসঙ্গত, সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবারের গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন।
































