দেশের বিভিন্ন স্থানে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন গ্রিড, উপকেন্দ্র ও কার্যালয়ে হামলার ঘটনা ও আশঙ্কার প্রেক্ষিতে নিরাপত্তা চেয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)-এর কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন (বাপবিএ)। বুধবার সংগঠনটির দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান স্বাক্ষরিত এই চিঠিটি পাঠানো হয়।
চিঠিতে জানানো হয়, বর্তমানে জ্বালানি সংকট ও তীব্র তাপদাহের কারণে বিদ্যুৎ উৎপাদন চাহিদার তুলনায় কম হচ্ছে। ফলে গ্রামাঞ্চলসহ সারাদেশে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা দীর্ঘ সময় লোডশেডিংয়ের শিকার হচ্ছেন। বর্তমানে সমিতির গড় চাহিদা ৮ থেকে ৯ হাজার মেগাওয়াট হলেও সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৫ থেকে ৬ হাজার মেগাওয়াট। এতে কোনো কোনো এলাকায় প্রতিদিন ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না।
বাপবিএ উল্লেখ করেছে, দেশের মোট বিদ্যুৎ গ্রাহকের প্রায় ৮০ শতাংশ বা প্রায় ৪ কোটি গ্রাহককে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো সেবা প্রদান করে থাকে। দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে, যার ফলে দেশের বিভিন্ন স্থানে উপকেন্দ্র ও অফিসে হামলার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীরা চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন।
এমন পরিস্থিতিতে দেশের প্রতিটি পল্লী বিদ্যুৎ সমিতির গ্রিড, উপকেন্দ্র ও কার্যালয়ের নিরাপত্তা জোরদারে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য আইজিপির প্রতি অনুরোধ জানিয়েছে সংগঠনটি। এই চিঠির অনুলিপি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের একান্ত সচিব, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের একান্ত সচিব, সংশ্লিষ্ট সব জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) কাছেও পাঠানো হয়েছে।



























