দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে চলতি আগস্ট মাসে আরও ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে যাচ্ছে সরকার। নতুন এই চালানে মোট প্রায় ১ কোটি ৬০ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি আসবে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
পেট্রোবাংলা জানায়, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে নিয়মিতভাবে স্পট মার্কেট, দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় এলএনজি আমদানি করা হচ্ছে। গড়ে প্রতিটি কার্গোতে প্রায় ৩২ লাখ এমএমবিটিইউ গ্যাস থাকে। নতুন ৫টি কার্গো যুক্ত হওয়ার ফলে চলতি আগস্ট মাসে মোট আমদানিকৃত এলএনজি কার্গোর সংখ্যা দাঁড়াবে ৯টিতে। এর মধ্যে ইতোমধ্যে ৪টি কার্গো দেশে এসে পৌঁছেছে এবং বাকি ৫টি কার্গো চলতি মাসের ১৭, ২১, ২৩, ২৭ ও ৩০ আগস্টের মধ্যে দেশে পৌঁছাবে। এই ৯টি কার্গোতে মোট এলএনজির পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৮৮ লাখ এমএমবিটিইউ।
চলতি মাসের আমদানির হিসাব বিশ্লেষণ করে পেট্রোবাংলা জানিয়েছে, আগস্টের জন্য দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ১টি, স্বল্পমেয়াদি চুক্তির আওতায় ৫টি এবং স্পট মার্কেট থেকে ৩টি কার্গো এলএনজি কেনা হয়েছে। এর আগে গত জুলাই মাসে তিন ধরনের চুক্তির আওতায় মোট ১১ কার্গো এলএনজি আমদানি করা হয়েছিল, যার মোট পরিমাণ ছিল প্রায় ৩ কোটি ৫২ লাখ এমএমবিটিইউ। সাধারণত প্রতি মাসে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির অনুমোদন সাপেক্ষে স্পট মার্কেট থেকে এলএনজি কার্গো সংগ্রহ করা হয়।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) তথ্য অনুযায়ী, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতারভিত্তিক কাতার অ্যানার্জি এবং ওমান সরকারের ওকিউ ট্রেডিং বাংলাদেশকে এলএনজি সরবরাহ করে থাকে। এছাড়া স্বল্পমেয়াদি চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ওকিউ ট্রেডিং বাংলাদেশকে এলএনজি সরবরাহ করছে।































