দেশের জ্বালানি চাহিদা মেটাতে চলতি আগস্ট মাসে আরও ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ৫ কার্গোতে মোট ১ কোটি ৬০ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি থাকবে। বৃহস্পতিবার বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মিজানুর রহমান জানান, গ্যাস সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখার লক্ষ্যে আগস্ট মাসের জন্য মোট ৯ কার্গো এলএনজি আমদানির পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে ৪ কার্গো দেশে পৌঁছেছে। বাকি ৫টি কার্গো ১৭, ২১, ২৩, ২৭ ও ৩০ আগস্ট পর্যায়ক্রমে দেশে এসে পৌঁছাবে। সব মিলিয়ে আগস্ট মাসে আমদানি করা ৯ কার্গোতে মোট ২ কোটি ৮৮ লাখ এমএমবিটিইউ এলএনজি পাওয়া যাবে। গড়ে প্রতিটি কার্গোতে প্রায় ৩২ লাখ এমএমবিটিইউ গ্যাস থাকে বলে তিনি উল্লেখ করেন।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, আগস্ট মাসের জন্য দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ১ কার্গো, স্বল্পমেয়াদি চুক্তির আওতায় ৫ কার্গো এবং স্পট মার্কেট থেকে ৩ কার্গো এলএনজি সংগ্রহ করা হয়েছে। এর আগে জুলাই মাসে দীর্ঘমেয়াদি, স্বল্পমেয়াদি ও স্পট মার্কেট মিলিয়ে মোট ১১ কার্গো এলএনজি আমদানি করা হয়েছিল, যার পরিমাণ ছিল ৩ কোটি ৫২ লাখ এমএমবিটিইউ।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) সূত্রে জানা গেছে, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার এনার্জি এবং ওমানের ওকিউ ট্রেডিং নিয়মিত এলএনজি সরবরাহ করছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ওকিউ ট্রেডিং স্বল্পমেয়াদি চুক্তির মাধ্যমে জ্বালানি সরবরাহ অব্যাহত রেখেছে।
মিজানুর রহমান আরও জানান, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে সরকার নিয়মিতভাবে এই তিন উৎস থেকেই এলএনজি আমদানি করে থাকে। প্রতি মাসে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন সাপেক্ষে স্পট মার্কেট থেকে এলএনজি কার্গো সংগ্রহের প্রক্রিয়া চলমান থাকে।
সূত্র: প্রথম আলো
































