প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাওয়ার আগে দুই দেশের মধ্যে অনুকূল পরিবেশ তৈরির ওপর জোর দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যথাযথ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর অনুষ্ঠিত হবে না। এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দিল্লিকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের অতিরিক্ত পররাষ্ট্র সচিব একেএম শহীদুল করিম এসব তথ্য জানান। তিনি বলেন, ভারতে অবস্থানরত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং ওসমান হাদি হত্যায় অভিযুক্তদের প্রত্যর্পণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও উল্লেখ করেন, পলাতক আসামিদের ফিরিয়ে আনার মাধ্যমে একটি অনুকূল পরিবেশ সৃষ্টির অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনার প্রেক্ষাপটে এই বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে দিল্লিকে বার্তা পাঠানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
সূত্র: যুগান্তর




























