চট্টগ্রামের হাটহাজারীতে মুহাম্মদ আরাফাত (২৫) নামের এক তরুণকে ধাওয়া করে গুলি করার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মধ্যম মাদার্শা বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মদুনাঘাট বাজার এলাকা থেকে কয়েকজন অস্ত্রধারী আরাফাতকে ধাওয়া করে। প্রায় আধা কিলোমিটার পথ ধাওয়ার পর বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় পৌঁছালে হামলাকারীরা তাকে ধরে গুলি চালায় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর স্থানীয়রা আহত অবস্থায় আরাফাতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা জানান, তার মুখে গুলি লেগেছে। তবে আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। চমেক হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এসআই আলাউদ্দীন তালুকদার জানান, প্রতিপক্ষের লোকজন শর্টগানের গুলি করলে আরাফাত আহত হন এবং তার মুখে জখমের চিহ্ন পাওয়া গেলেও শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন ছিল না।
খবর পেয়ে মদুনাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা সটকে পড়ে। পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইব্রাহিম আহমেদ জানান, তারা বিষয়টি নিয়ে তথ্য সংগ্রহ করছেন। দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মুহাম্মদ নাজিম উদ্দিন জানান, গুলির শব্দ শুনে তিনি ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে পাননি। স্থানীয় কোনো বিরোধের জেরে এই হামলা হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করেন।





























