প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ঘোষণা করেছেন যে, কানাডার বিভিন্ন পণ্যের ওপর যে ৫০ শতাংশ শুল্ক বুধবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল, তা তিনি স্থগিত করেছেন। শুল্ক আরোপের এই বিষয়টি বর্তমানে চূড়ান্ত হওয়ার পথে রয়েছে।
এর আগে সোমবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সাংবাদিকদের জানিয়েছিলেন যে, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে অত্যন্ত সংবেদনশীল ও নিবিড় আলোচনা চলছে। তিনি তখন জনসমক্ষে আলোচনার বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে কার্নি জানান, যদিও গুরুত্বপূর্ণ কিছু কাজ এখনো বাকি আছে, তবে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি আরও বলেন, এই আলোচনার ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র তার ১৯৩০ সালের ট্যারিফ আইনের ৩৩৮ নম্বর ধারা অনুযায়ী কানাডিয়ান পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত ২১ আগস্ট দিনের শেষ পর্যন্ত স্থগিত রাখতে সম্মত হয়েছে।
এই ৫০ শতাংশ শুল্ক কার্যকর হলে হকি স্টিক থেকে শুরু করে টাং ডিপ্রেসর পর্যন্ত প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের কানাডিয়ান পণ্য এর আওতায় পড়ত। বিষয়টি কেবল অর্থনৈতিক নয়, বরং রাজনৈতিকভাবেও বড় প্রভাব ফেলতে পারত। গত বছর দুই দেশ একে অপরের কাছে ৮৮০ বিলিয়ন ডলার মূল্যের পণ্য ও সেবা বিক্রি করেছে। কানাডা পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়েছিল, যা দুই দেশের মধ্যকার বাণিজ্য লড়াইকে আরও উসকে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছিল।
উভয় দেশেরই এই সংকট থেকে সরে আসার যথেষ্ট কারণ ছিল। গত বছর কানাডার মোট পণ্য রপ্তানির প্রায় ৭২ শতাংশই গেছে যুক্তরাষ্ট্রে। এছাড়া নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অতিষ্ঠ মার্কিন ভোটারদের ওপর নতুন করে শুল্কের বোঝা চাপানোর ঝুঁকি নিতে চায়নি ট্রাম্প প্রশাসন। কিংস অ্যান্ড স্পল্ডিংয়ের অংশীদার এবং সাবেক মার্কিন বাণিজ্য কর্মকর্তা রায়ান ম্যাজেরাস শুল্ক স্থগিতের ঘোষণার আগেই বলেছিলেন, কোনো পক্ষই আসলে এই শুল্ক কার্যকর করতে চায় না এবং উভয় দিক থেকেই একটি সমঝোতার পথ খোঁজার চাপ রয়েছে।
ট্রাম্প প্রশাসনের হোয়াইট হাউস গত মাসে কানাডার বিরুদ্ধে মার্কিন পণ্যের ওপর বৈষম্যমূলক পদক্ষেপ নেওয়ার অভিযোগ তুলেছিল। তবে ট্রাম্পের এই শুল্ক আরোপের কৌশল নিয়ে আইনি জটিলতাও রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট তার পূর্ববর্তী শুল্ক আরোপের সিদ্ধান্তকে অতিরিক্ত ক্ষমতা চর্চা হিসেবে রায় দিয়েছিল। ফলে ট্রাম্প এবার ১৯৩০ সালের ট্যারিফ আইনের ৩৩৮ নম্বর ধারা ব্যবহার করেন, যা গ্রেট ডিপ্রেশনের সময় প্রণীত হয়েছিল। এই ধারা অনুযায়ী, কোনো তদন্ত ছাড়াই প্রেসিডেন্ট অন্য দেশের পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারেন। বর্তমানে দুই দেশ উত্তর আমেরিকার বাণিজ্য চুক্তি—ইউএস-মেক্সিকো-কানাডা এগ্রিমেন্ট—পুনঃআলোচনা করছে, যেখানে কানাডার ওপর চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবেই ট্রাম্প এই শুল্কের হুমকি ব্যবহার করছেন।






























