ভারতের জনপ্রিয় বিমান সংস্থা ইন্ডিগোর অনলাইন বুকিং প্ল্যাটফর্মে বড় ধরনের কারিগরি জটিলতা দেখা দিয়েছে। বুধবার অনেক গ্রাহকই তাদের ওয়েবসাইট ব্যবহার করে টিকিট কাটতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন। ফ্লাইট সার্চ করার সময় ওয়েবসাইটে ‘নো ডাটা অ্যাভেইলেবল’ বা কোনো তথ্য নেই এমন বার্তা প্রদর্শিত হচ্ছে, যা যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় ইন্ডিগো কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, তাদের মূল রিজার্ভেশন প্ল্যাটফর্মে সাময়িক সমস্যা দেখা দিয়েছে, যার ফলে অনলাইন সেবা পেতে গ্রাহকদের বেগ পেতে হচ্ছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য বিমান সংস্থাটি দুঃখ প্রকাশ করেছে এবং গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে।
ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কারিগরি দল অংশীদার প্রতিষ্ঠানের সহায়তায় দ্রুত সমস্যাটি সমাধানের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। জরুরি প্রয়োজনে যাত্রীদের সরাসরি তাদের কন্টাক্ট সেন্টারে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। যাদের ভ্রমণের তারিখ এখনো কিছুটা দূরে, তাদের ওয়েবসাইট বা অ্যাপে কিছুক্ষণ পর পুনরায় চেষ্টা করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
সংস্থাটি তাদের বিবৃতিতে আরও উল্লেখ করেছে যে, এই কারিগরি ত্রুটির কারণে গ্রাহকদের যে ভোগান্তি পোহাতে হচ্ছে তার জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের সহযোগিতার জন্য ইন্ডিগো কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তবে ঠিক কত সময়ের মধ্যে এই সমস্যার পুরোপুরি সমাধান হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।
সূত্র: খালিজ টাইমস































