অধিকৃত পূর্ব জেরুজালেমের সিলওয়ান এলাকায় অবস্থিত নিজ বাড়ি থেকে ফিলিস্তিনি জেরুজালেম বিষয়ক মন্ত্রী আশরাফ আল-আওয়ারকে আটক করেছে ইসরায়েলি পুলিশ। বুধবার তার কার্যালয়ের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন যে, ইসরায়েলি বাহিনী কোনো কারণ উল্লেখ না করেই মন্ত্রীকে আটক করেছে। এই আটকের বিষয়ে ইসরায়েলি পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত বছর ইসরায়েলি কর্তৃপক্ষ আশরাফ আল-আওয়ারের ওপর অধিকৃত পশ্চিম তীরে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছিল, যা পরবর্তীতে বাড়ানো হয়। ফিলিস্তিনি জেরুজালেম বিষয়ক মন্ত্রণালয়ের সদর দপ্তর পশ্চিম তীরের আল-রাম শহরে অবস্থিত এবং ফিলিস্তিনি সরকারের নিয়মিত বৈঠকগুলো রামাল্লায় অনুষ্ঠিত হয়ে থাকে।
২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে অধিকৃত পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ক্রীড়া, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর বিধিনিষেধ আরও কঠোর করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। একইসাথে সেখানে অবৈধ বসতি স্থাপন ও ফিলিস্তিনিদের ঘরবাড়ি ভাঙার হারও বৃদ্ধি পেয়েছে। এছাড়া আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দেওয়া এবং অবৈধ বসতি স্থাপনকারীদের উসকানিমূলক কর্মকাণ্ডকে সহজতর করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। ফিলিস্তিনিরা অধিকৃত পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে আসছে, যদিও আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশিরভাগই ইসরায়েলের পুরো শহরটিকে রাজধানী হিসেবে দাবি করার বিষয়টি প্রত্যাখ্যান করেছে।































