সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসনামলের সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে দামেস্কের কাছে হস্তান্তর করেছে লেবানন। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, আদেল ইসা নামের এই মেজর জেনারেলের বিরুদ্ধে হত্যা ও নির্যাতনের মতো গুরুতর অভিযোগ রয়েছে।
সিরিয়ার কর্তৃপক্ষের করা প্রত্যর্পণ আবেদনের প্রেক্ষিতে লেবাননের সরকারি কৌঁসুলির জারি করা পরোয়ানায় আদেল ইসাকে আটক করা হয়েছিল। এর বাইরেও, সিরিয়ার একজন বিচারক তার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে, আদেল ইসার বিরুদ্ধে পরিকল্পিত হত্যাকাণ্ড, দুইয়ের অধিক ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে হত্যা, অপরাধমূলক কর্মকাণ্ডে সহায়তা এবং নির্যাতনের ফলে মৃত্যুর মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। এছাড়াও, তার বিরুদ্ধে গৃহযুদ্ধ উসকে দেওয়া এবং সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর মতো অপরাধের অভিযোগও রয়েছে।
সাবেক এই সামরিক কর্মকর্তা সিরিয়ার সেনাবাহিনীর ১৭তম ডিভিশনের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৬ সাল পর্যন্ত তিনি ক্ষমতাচ্যুত শাসনামলে দেইর ইজ-জোর প্রদেশে স্থল বাহিনীর কমান্ডার হিসেবেও কর্মরত ছিলেন।
বর্তমানে তার মামলাটি দামেস্কের একজন রেফারেল বিচারকের কাছে রয়েছে। বিচারক সিদ্ধান্ত নেবেন যে, মামলাটি বিচারের জন্য দামেস্কের ফৌজদারি আদালতে পাঠানো হবে কি না। সিরিয়ার ট্রানজিশনাল জাস্টিস বা অন্তর্বর্তীকালীন বিচার প্রক্রিয়ার অংশ হিসেবেই সিরিয়ার কর্তৃপক্ষ সাবেক শাসনামলের কর্মকর্তাদের বিরুদ্ধে এসব আইনি পদক্ষেপ গ্রহণ করছে।





























