তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইস্তাম্বুলে এক বৈঠকে মিলিত হয়েছেন। মন্ত্রণালয়ের ইস্তাম্বুল কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন নানা বিষয়ে আলোচনা করা হয়। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের কিছু ছবি প্রকাশ করলেও এ নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই মন্ত্রী রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা ও সাংস্কৃতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান উন্নয়ন ও সম্প্রসারণে সন্তোষ প্রকাশ করেছেন। পাকিস্তান-তুরস্ক হাই-লেভেল স্ট্র্যাটেজিক কোঅপারেশন কাউন্সিলের (এইচএলএসসিসি) অধীনে হওয়া অগ্রগতির প্রশংসা করে তারা কাউন্সিলের পরবর্তী অধিবেশন দ্রুততম সময়ের মধ্যে আয়োজনের বিষয়ে একমত হয়েছেন।
বৈঠকে দুই মন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতামত বিনিময় করেন। সেই সাথে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া, মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের কর্মকর্তাদের প্রথম রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির বৈঠক আগামী সোমবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।































