রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন শান্ত ও বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই অভিযানে তাঁদের কাছ থেকে ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। বিমানবন্দর থানা–পুলিশের একটি দল শনিবার রাত ও রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদেশ থেকে পাঠানো এক প্রবাসীর ভাইয়ের কাছ থেকে স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাঁদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। মির্জা তারেক আহমেদ আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং তাঁদের অপরাধী হিসেবেই বিবেচনা করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট নরসিংদীর রায়পুর উপজেলার বাসিন্দা মো. সুমন বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফকে ১ নম্বর, বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপনকে ২ নম্বর, সাধারণ সম্পাদক আল-আমিন শান্তকে ৩ নম্বর ও বিমানবন্দর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেলকে ৪ নম্বর আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ২৮ আগস্ট মালয়েশিয়া প্রবাসী তাঁর বড় ভাই কাউসারের পাঠানো ২০০ গ্রাম স্বর্ণালংকার তিনি ও তাঁর বন্ধু রোহান চৌধুরী বিমানবন্দর থেকে গ্রহণ করেন। এরপর তাঁরা একটি ভাড়া করা গাড়িতে ওঠার সময় বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের বিপরীতে আসামিরা তাঁদের গতিরোধ করে। এজাহারে আরও অভিযোগ করা হয়, আসামিরা তাঁদের আওয়ামী লীগ-ছাত্রলীগ কর্মী আখ্যা দিয়ে বোমা থাকার ভয় দেখিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে এবং ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। একপর্যায়ে পথচারীদের উপস্থিতি টের পেয়ে আসামিরা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।































