মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের সাময়িকভাবে আশ্রয় দিতে রাজি হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা। ট্রাম্প প্রশাসনের বহিষ্কার করা কিউবা ও আফগানিস্তানের কয়েকজন নাগরিককে ইতিমধ্যে গ্রহণ করেছে দেশটি।
গায়ানা সরকার এক বিবৃতিতে জানিয়েছে, 'অ্যাসিস্টেড ভলান্টারি রিটার্ন প্রোগ্রাম' (সহায়তাভিত্তিক স্বেচ্ছায় প্রত্যাবাসন কর্মসূচি) নামক একটি প্রকল্পের আওতায় স্থানান্তরিত এই অভিবাসীরা তাদের অভিবাসন সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গায়ানায় অবস্থান করবেন। পরবর্তীতে তারা চাইলে নিজেদের দেশে ফিরে যেতে পারেন অথবা অন্য কোনো দেশে পুনর্বাসিত হতে পারেন।
গায়ানা কর্তৃপক্ষের তথ্যমতে, জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এই কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে। এই অভিবাসীদের আবাসন বা জীবনযাত্রার কোনো খরচ গায়ানা সরকারকে বহন করতে হবে না।
শনিবার অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে গায়ানার পররাষ্ট্র সচিব রবার্ট পারসাউড জানান, শুক্রবার কিউবা ও আফগানিস্তানের ছয়জন নাগরিক গায়ানায় এসে পৌঁছেছেন। গায়ানা প্রশাসনের পক্ষ থেকে তাদের ব্যাকগ্রাউন্ড যাচাই করা হয়েছে এবং তাদের কোনো অপরাধমূলক রেকর্ড পাওয়া যায়নি।
পারসাউড আরও জানান, দীর্ঘ কয়েক মাসের আলোচনার পর এই অভিবাসীদের আশ্রয় দেওয়ার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে তার প্রশাসন। তবে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত নতুন কোনো অনুরোধ জানায়নি। এই চুক্তিটি এক বছরের জন্য কার্যকর থাকবে এবং এটি কোনো স্থায়ী পুনর্বাসন নয় বলেও স্পষ্ট করেন তিনি।
এদিকে, এই ধরনের 'তৃতীয় দেশ'-এ অভিবাসী ফেরত পাঠানোর প্রক্রিয়াকে অমানবিক এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে তীব্র নিন্দা জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। তাদের অভিযোগ, নিপীড়নের হাত থেকে বাঁচতে পালিয়ে আসা মানুষদের আবারও এমন সব জায়গায় ফেরত পাঠানো হচ্ছে যা তাদের জন্য ঝুঁকিপূর্ণ।
তবে ট্রাম্প প্রশাসন এই বহিষ্কার প্রক্রিয়ার বৈধতা ও কার্যকারিতার পক্ষে সাফাই গেয়েছে। অবৈধ অভিবাসন রোধে এটিকে একটি অত্যন্ত কার্যকর পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে মার্কিন প্রশাসন।
September 5, 2026 / 2:35 PM EDT / CBS News






























