বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, কুমিল্লা বিভাগ নিয়ে সরকার যেন আর কোনো টালবাহানা না করে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এ দাবি জানান। ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে এই পথসভার আয়োজন করা হয়েছিল।
ডা. শফিকুর রহমান বলেন, ১৯৯৪ সালে সিলেট বিভাগ ঘোষণার সময় থেকেই কুমিল্লাকে বিভাগ করার দাবি ওঠে। কিন্তু সে সময় তা বাস্তবায়ন করা হয়নি। তিনি প্রশ্ন রাখেন, কুমিল্লাবাসীর অপরাধ কী? তিনি সরকারকে স্পষ্ট করে বলেন, কুমিল্লা বিভাগ দ্রুত কার্যকর করতে হবে। এছাড়া নোয়াখালীবাসীর বিভাগ দাবির প্রসঙ্গ টেনে তিনি বলেন, নোয়াখালীকেও বিভাগ দেওয়া উচিত, তবে ১৯৯৪ সাল থেকে দাবি জানিয়ে আসায় কুমিল্লার বিভাগ আগে বাস্তবায়ন করা প্রয়োজন।
তিনি কুমিল্লার প্রতি অতীতের বিরাগভাজন আচরণের অভিযোগ তুলে বলেন, কোনো জেলার নামকে কেন্দ্র করে বাড়াবাড়ি করা ওই জেলার নাগরিকদের অপমান করার শামিল। বর্তমান সরকার বিভাগ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন না করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
কুমিল্লায় বিমানবন্দর চালুর বিষয়ে তিনি বলেন, কুমিল্লায় ইপিজেড রয়েছে এবং বিমানবন্দরটি যাচাই-বাছাই সাপেক্ষে চালু করা যেতে পারে। প্রশাসনিক কাজের সুবিধার্থে বিভাগ বাস্তবায়ন জরুরি বলে তিনি উল্লেখ করেন। এছাড়া তিনি বিদ্যুৎ, গ্যাস, সারসংকট, নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সরকারের সমালোচনা করেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য সমালোচনা করে প্রয়োজনে অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানান।
উক্ত পথসভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের নায়েবে আমির ড. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মন্ঞ্জু, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।






























