মহাকাশে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিমানবাহিনীর সেক্রেটারি ট্রয় মেইঙ্ক জানিয়েছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্সের হাতে কক্ষপথে থাকা 'অন-অরবিট স্পেস কন্ট্রোল উইপনস' বা মহাকাশ নিয়ন্ত্রণ অস্ত্র রয়েছে। এতদিন যুক্তরাষ্ট্র মহাকাশ যুদ্ধের সক্ষমতা নিয়ে কথা বললেও কক্ষপথে সরাসরি অস্ত্র মোতায়েনের বিষয়টি এভাবে প্রকাশ্যে স্বীকার করেনি।
ওয়াশিংটনের এই ঘোষণার পরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন ও রাশিয়া। চীন এই পদক্ষেপকে মহাকাশে সামরিকীকরণের একটি বড় ঝুঁকি হিসেবে দেখছে। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন মঙ্গলবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন মহাকাশে যুদ্ধের প্রস্তুতি নেওয়া অবিলম্বে বন্ধ করে। রাশিয়াও এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ওয়াশিংটনের এই অস্ত্র মোতায়েনের বিষয়টি এতদিন 'ওপেন-সিক্রেট' থাকলেও বর্তমান সময়ে এমন ঘোষণা বেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে। ফলে মহাকাশে এক নতুন অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি তৈরি হয়েছে। মহাকাশ এখন ভবিষ্যতের সামরিক সংঘাতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে আবির্ভূত হয়েছে, যেখানে স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ, গোয়েন্দা নজরদারি, নেভিগেশন এবং ক্ষেপণাস্ত্র শনাক্তকরণের মতো গুরুত্বপূর্ণ সামরিক কাজ পরিচালিত হয়। কোনো বড় সংঘাতে প্রতিপক্ষের স্যাটেলাইট অকার্যকর করা গেলে তা সামরিক সক্ষমতায় বড় প্রভাব ফেলতে পারে।
যুক্তরাষ্ট্র ঠিক কী ধরনের অস্ত্র কক্ষপথে রেখেছে, তা এখনো পরিষ্কার নয়। তবে বিশেষজ্ঞদের ধারণা, এগুলো সরাসরি স্যাটেলাইট ধ্বংসকারী কাইনেটিক অস্ত্র না হয়ে জ্যামার বা নন-কাইনেটিক ইলেকট্রনিক যুদ্ধের সরঞ্জাম হতে পারে। কারণ সরাসরি স্যাটেলাইট ধ্বংস করলে মহাকাশে যে বিপুল ধ্বংসাবশেষ তৈরি হবে, তা নিজেদের স্যাটেলাইটের জন্যও ঝুঁকি বয়ে আনবে।
মার্কিন কর্মকর্তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে, চীন ও রাশিয়া তাদের এবং মিত্রদের স্যাটেলাইটের ওপর নজরদারি বাড়াচ্ছে এবং তা বাধাগ্রস্ত করার সক্ষমতা তৈরি করছে। মার্কিন স্পেস ফোর্সের নিজস্ব মূল্যায়নে চীনের দ্রুত বর্ধমান মহাকাশ সক্ষমতাকে একটি বড় হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। মেরিল্যান্ডের এক সম্মেলনে মার্কিন স্পেস অপারেশন্সের প্রধান জেনারেল ডগলাস শিয়েস জানান, স্পেস ফোর্স না থাকলে অতীতে ইরানের বিরুদ্ধে 'অপারেশন এপিক ফিউরি'-এর মতো অভিযান পরিচালনা করা অসম্ভব ছিল।
মার্কিন স্পেস ফোর্সের মতে, চীন তাদের সামরিক আধুনিকায়ন কৌশলের অংশ হিসেবে 'কাউন্টার-স্পেস' সক্ষমতা পরিচালনা করছে। অন্যদিকে রাশিয়াও মহাকাশকে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচনা করছে, যেখানে আধিপত্য বজায় রাখা একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে।



























