চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৯ দিনে প্রবাসীরা দেশে মোট ১৮৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১২৩ টাকা বিনিময় হার ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ২৩ হাজার ৮৭ কোটি টাকা। রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাসের ১৭ থেকে ১৯ তারিখ—এই তিন দিনে প্রবাসীরা ১৩ কোটি ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৮৬ কোটি ৯০ লাখ ডলার। সেই হিসেবে চলতি বছরের এই ১৯ দিনে রেমিট্যান্স প্রবাহ ০.৪ শতাংশ বেড়েছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭৭০ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এই অংক ছিল ৬৭৬ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ ১৩.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।






























