নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে পেশাদার কূটনীতিক আসাদ আলম সিয়ামকে নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে ভারত। মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ১৯৯৫ সালে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়া সিয়াম আগামী কয়েক সপ্তাহের মধ্যে রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন বলে আশা করা হচ্ছে। রিয়াজ হামিদুল্লাহকে এর আগে জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, সিয়ামের নিযুক্তি চূড়ান্ত করার জন্য ভারতের কাছে যে আনুষ্ঠানিক সম্মতিপত্র বা এগ্রিমো চাওয়া হয়েছিল, তা মঙ্গলবার বিকেলে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়েছে। এর আগে ভারতীয় পক্ষ থেকে এই সম্মতিপত্রটি আটকে রাখা হয়েছিল বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছিল।
চলতি বছরের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার ক্ষমতায় আসার পর ঢাকা ও নয়াদিল্লি উভয়ই পারস্পরিক সম্পর্ক মেরামতের চেষ্টা চালাচ্ছে। তবে ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান ঢাকার জন্য একটি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, দুই দেশের সম্পর্ক পুনরায় স্বাভাবিক বা রিসেট করার ক্ষেত্রে আসাদ আলম সিয়ামকে বড় ধরনের ভূমিকা রাখতে হবে, বিশেষ করে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের জন্য ক্ষেত্র প্রস্তুতে তাকে উদ্যোগী হতে হবে।




























