সামরিক সংঘাতের অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের একটি প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টার দিকে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহের দাম ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৬৪ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ১১ ডলারে দাঁড়ায়।
এর আগে গত সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরান সামরিক সংঘাতের অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার শান্তি উদ্যোগের কথা জানায়। তেহরান নিশ্চিত করেছে যে, কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই প্রস্তাব ওয়াশিংটনে পাঠানো হয়েছিল। তবে শনিবার ট্রাম্প জানান, তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। যদিও রোববার অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আশা প্রকাশ করেন যে, চলতি সপ্তাহে মার্কিন আলোচকরা ইরানের সঙ্গে আরও আলোচনা করবেন।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ব্রেন্টের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম রেকর্ড পর্যায়ে পৌঁছানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিজেল রপ্তানি নিষিদ্ধ করতে পারে মার্কিন প্রশাসন—এমন আশঙ্কায় ডব্লিউটিআইয়ের দামে ৭ দশমিক ৯ শতাংশ পতন হয়েছিল। এই পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারগুলোর উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশগুলো থেকে অপরিশোধিত তেল রপ্তানি বেড়েছে। কেপলারের প্রাথমিক জাহাজ চলাচলসংক্রান্ত তথ্য অনুযায়ী, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সরবরাহ বাড়ানোয় সেপ্টেম্বরে রপ্তানি বেড়ে দৈনিক ১ কোটি ২৮ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ। মূলত হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল বাড়ায় এই রপ্তানি বৃদ্ধি পেয়েছে। চলতি মাসে এই প্রণালি দিয়ে প্রতিদিন প্রায় ৭৪ লাখ ব্যারেল তেল পরিবহন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশটি লোহিত সাগরের ইয়ানবু বন্দর থেকে তেল রপ্তানি কমিয়ে পূর্বাঞ্চলের রাস তানুরা টার্মিনাল দিয়ে রপ্তানি বাড়িয়েছে, যার ফলে তেল সরবরাহে এই পরিবর্তন দেখা দিয়েছে।






























