রাজধানীর মিরপুরের শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ‘জাতীয় বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সব ধরনের দলাদলি, গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তিগত স্বার্থের সংঘাত এবং অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা থাকা স্বাভাবিক, তবে সেই ভিন্নতা যেন কোনোভাবেই শিক্ষার পরিবেশ, প্রশাসনিক শৃঙ্খলা, পাঠদান কার্যক্রম এবং শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত না করে।
অধিভুক্ত প্রায় আড়াই হাজার কলেজের অধ্যক্ষদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, অধ্যক্ষরা কেবল প্রশাসনিক প্রধান নন, বরং তারা প্রতিষ্ঠানের নৈতিক দিকদর্শী এবং একাডেমিক নেতৃত্বের কেন্দ্র। তিনি স্মরণ করেন যে, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া শহর ও গ্রামের সবার জন্য উচ্চ শিক্ষার সুযোগ নিশ্চিত করতে ১৯৯২ সালের ২১শে অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকে উচ্চ শিক্ষার সুযোগ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান নিয়ে প্রশ্ন রয়ে গেছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন সবাই মিলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর সময় এসেছে বলে তিনি মন্তব্য করেন।
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে গতানুগতিক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিকস, বিগ ডেটা, সাইবার সিকিউরিটি ও বায়োটেকনোলজির মতো প্রযুক্তি কর্মজগৎ বদলে দিচ্ছে। তাই দক্ষ জনশক্তি গড়তে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন অনিবার্য। তিনি শিক্ষার্থীদের কেবল চাকরির প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ না রেখে সাহিত্য, দর্শন, ইতিহাস ও বিজ্ঞানের চর্চার মাধ্যমে মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশের আহ্বান জানান। এছাড়া ইংরেজি ছাড়াও অ্যারাবিক, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফ্রেঞ্চসহ বিভিন্ন আন্তর্জাতিক ভাষা শেখার সুযোগ এবং ক্যারিয়ার কাউন্সেলিং ও ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠার তাগিদ দেন তিনি।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেয়া হয়েছিল। এখন বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হলো বিশাল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা। তিনি শিক্ষকদের যৌক্তিক দাবি সমাধানের আশ্বাস দিয়ে বলেন, ক্লাস বাদ দিয়ে রাজপথে নামার প্রয়োজন নেই। এছাড়া প্রধানমন্ত্রী এভিয়েশন খাতের জন্য দক্ষ জনবল তৈরির নির্দেশ দিয়েছেন বলেও মন্ত্রী জানান।
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কারের মাধ্যমেই দেশের ভাগ্য পরিবর্তন সম্ভব। তিনি জানান, এ প্রতিষ্ঠানের বাজেট বৃদ্ধি ও বিকেন্দ্রীকরণের প্রক্রিয়া চলমান রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। এতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নাজমুল হোসেনসহ ২ হাজার ৩শ’র অধিক অধ্যক্ষ ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।































